
জনগণের প্রতিবাদ ও প্রতিরোধ দমন করতে সরকার একের পর এক নিবর্তনমূলক আইন প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিলের দাবি জানিয়েছেন জোটের নেতারা।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ৩১টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাদের মতবিনিময় সভা থেকে এই দাবি তোলা হয়।
সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, সরকার একের পর এক গণবিরোধী পদক্ষেপের মাধ্যমে জনদুর্ভোগ ক্রমাগত বাড়িয়ে চলছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে বাজারে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে চলছে। জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম দফায় দফায় বৃদ্ধি করে নিম্ন আয়ের মানুষের ওপর ব্যয়বৃদ্ধির বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকার সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ তো দূরে থাক, তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিয়ে চলছে। এর বিরুদ্ধে জনগণের প্রতিবাদী-প্রতিরোধ দমনের উদ্দেশ্যেই সরকার একের পর এক নিবর্তনমূলক আইন প্রণয়ন করেছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানো হচ্ছে উল্লেখ করে মতবিনিময় সভায় বলা হয়, সব বিরোধী দল, প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এমনকি জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও এই নিবর্তনমূলক আইন বাতিলের দাবি করা হলেও সরকার তার অবৈধ ক্ষমতা, কর্মকাল ও নিজেদের রক্ষার জন্য গণদাবি উপেক্ষা করে চলেছে।
সভা থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামী ৬ মে বিকেল ৪টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।
বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) নেতা মানস নন্দী, বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতা তৈমুর খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।
৩১টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জামসেদ আনোয়ার, গণসংস্কৃতি ফ্রন্টের নেতা ইফতেখার আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি শাহজাহান কবীর ও কামরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সমাজ অনুশীলন কেন্দ্রের নেতা রঘু অভিজিৎ রায় প্রমুখ।