
খুলনা সফর স্থগিত করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ (পলক)। তিন দিনের সফরে আগামী শুক্রবার খুলনা যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিধিমালা যথাযথ প্রতিপালনের লক্ষ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে নির্বাচন কমিশন (ইসি) তাঁকে চিঠি দেয়।
বুধবার রাতে আইসিটি বিভাগের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন। সেখানে চলছে নির্বাচনের কার্যক্রম। এরই মধ্যে আগামী শুক্রবার তিন দিনের খুলনা সফরে যাওয়ার কথা ছিল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের। সিটি করপোরেশন এলাকায় থাকাকালে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য বুধবার দুই প্রতিমন্ত্রীর একান্ত সচিবকে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা।
চিঠিতে সিটি করপোরেশন এলাকায় থাকাকালে দুই প্রতিমন্ত্রী কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না, তার একটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য বলা হয় চিঠিতে। ওই চিঠি পাওয়ার পর খুলনা সফরের সিদ্ধান্ত বাদ দেন জুনাইদ আহ্মেদ।