সকালেই পড়ুন আলোচিত যত খবর

শুভ সকাল। আজ ২৩ মে, মঙ্গলবার। দিনটি শুরু করুন প্রথম আলো অনলাইনের আলোচিত কয়েকটি খবর পড়ে।

পিস্তল হাতে মিছিলে সংসদ সদস্য মোস্তাফিজ

মিছিলে পিস্তল হাতে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী
ছবি: সংগৃহীত

পিস্তল হাতে নিয়ে মিছিল করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। সোমবার বিকেলে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাঁকে পিস্তল হাতে দেখা যায়। বিস্তারিত পড়ুন:

সরকারি কর্মচারীদের বেতন বাড়বে, তবে ঠিক করতে হবে মূল্যস্ফীতির ভিত্তি

বাংলাদেশ সচিবালয়

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা শেষ পর্যন্ত হচ্ছে না। তবে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট অনুযায়ী তাঁদের বেতন প্রতিবছর যতটা বাড়ার কথা, এবার তার চেয়ে বেশি বাড়বে। কিছুটা বেশি হারে বেতন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। সপ্তাহখানেক আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, বেতন বৃদ্ধির ক্ষেত্রে মূল্যস্ফীতির হার কোনটি ধরা হবে—আগামী ১ জুন বাজেট ঘোষণার পর তা নিয়ে কাজ করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। বিস্তারিত পড়ুন:

প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি: মিজানুর রহমান

মিজানুর রহমান মিনু

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ ওরফে চাঁদ পুঠিয়ার জনসভায় প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু)। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করি। ওভাবে ব্যক্তিগত আক্রমণটা ঠিক হয়নি। মুরব্বি হিসেবে আমি তাঁর পক্ষে দুঃখ প্রকাশ করছি।’ বিস্তারিত পড়ুন:

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’

তরুণীদের ফাঁদে ফেলে ছবি–ভিডিও তৈরি এবং সেগুলো টেলিগ্রাম গ্রুপের সদস্যদের কাছে বিক্রির অভিযোগে এই নয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ সোমবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে

ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ‘পমপম’ নামের একটি গ্রুপ খুলে সক্রিয় তাঁরা। এই গ্রুপের সদস্যরা নানাভাবে তরুণীদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। কখনো কখনো এই সম্পর্ক প্রেমের পর্যায়েও রূপ নেয়। এরপর কৌশলে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করেন। আবার অনেক তরুণীর ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন। পরে এসব ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন। টাকা দিতে না পারলে তরুণীদের ভিডিও কলে এনে তাঁদের ইচ্ছেমতো কাজ করাতে বাধ্য করেন। পরে সেগুলোর ভিডিও দেশে–বিদেশে বিক্রি করতেন। বিস্তারিত পড়ুন:

নির্বাচন ছাড়াই সংসদ ও সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধির প্রস্তাব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন

 নির্বাচন ছাড়াই বর্তমান সংসদ ও সরকারের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত জামাল উদ্দীন ‘যুক্তি’ দিয়েছেন, করোনা দুর্যোগের কারণে দুই বছর জাতীয় সংসদ ঠিকমতো কাজ করতে পারেনি। ওই সময় সরকার, জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কেউই ঠিকমতো কাজ করতে পারেনি এবং দেশ সঠিকভাবে পরিচালিত হয়নি। তাই সংসদ ও সরকারের মেয়াদ পাঁচ বছর বাড়ানো প্রয়োজন। বিস্তারিত পড়ুন:

নাটোরে ‘প্রতারণার শিকার’ অন্তঃসত্ত্বা ১৩২ নারী

নাটোর জেলার মানচিত্র

নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিদর্শিকার যোগসাজশে একটি ডায়াগনস্টিক সেন্টার অন্তঃসত্ত্বা ১৩২ নারীর কাছ থেকে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাতৃত্বকালীন ভাতা কার্ডের জন্য মেডিকেল রিপোর্ট আনতে গিয়ে এ প্রতারণার শিকার হন তাঁরা। বিস্তারিত পড়ুন:

মণিপুরে আবার সহিংসতা, সাবেক এমএলএ–সহ গ্রেপ্তার ৩

মেইতেই সম্প্রদায় তফসিলি আদিবাসী হিসেবে সংরক্ষণ পেতে পারে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন মণিপুর হাইকোর্ট। এরপরই বিক্ষোভ শুরু করেন উপজাতিরা। শুরু হয় সংঘাত-সহিংসতা

মণিপুর রাজ্যের পূর্ব ইম্ফল জেলার নিউ চেকওন অঞ্চলে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। সোমবার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা চারটি বাড়ি পুড়িয়ে দেয়। আসাম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ বাহিনী নিউ চেকওনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পরপরই কারফিউর সময়সীমা পরিবর্তন করা হয়েছে। পরে রাজ্যের সাবেক এক এমএলএ–সহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পড়ুন:

এরদোয়ানকে সমর্থন ভোটে তৃতীয় হওয়া সিনান ওগানের

তুরস্কে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় হয়েছিলেন সিনান ওগান

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের আগে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন সিনান ওগান। সোমবার রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থনের ঘোষণা দেন সিনান। এই ঘোষণার মধ্য দিয়ে এরদোয়ানের অবস্থান আরও শক্তিশালী হলো। কারণ, ১৪ মে তুরস্কে প্রথম দফার ভোটে (প্রেসিডেন্ট নির্বাচন) তৃতীয় অবস্থানে ছিলেন সিনান। বিস্তারিত পড়ুন:

ইউক্রেনের হামলা ঠেকাতে রাশিয়ার পরিখা খনন

ক্রিমিয়া উপকূলে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে প্রতিরক্ষামূলক নানা অবকাঠামো গড়ে তুলেছে রাশিয়া

এক বছরের বেশি সময় আগে শুরু ইউক্রেন যুদ্ধ যেন অনেকটাই থমকে আছে। আগের তুলনায় রাশিয়ার সামরিক বাহিনীর অগ্রগতি বেশ কম। এখন মস্কোর আশঙ্কা, পশ্চিমা সহায়তায় পুষ্ট ইউক্রেন বাহিনী হয়তো রাশিয়ার ওপর বড় ধরনের হামলা চালাতে পারে। এ হামলা ঠেকাতে ইতিমধ্যেই নানা তৎপরতা শুরু করেছে রুশ বাহিনী। রাশিয়ার এই তৎপরতা মূলত প্রতিরক্ষামূলক। এর মধ্যে রয়েছে পরিখা খনন ও বাংকার নির্মাণসহ হামলা ঠেকানোর নানা ব্যবস্থা। উপগ্রহ থেকে ধারণ করা শতাধিক ছবিতে উঠে এসেছে এসব চিত্র। বিস্তারিত পড়ুন:

মেসির নেতৃত্বেই বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

আগামী মাসে আর্জেন্টিনা যে দুটি প্রীতি ম্যাচ খেলবে, তা ঠিক হয়ে গিয়েছিল আগেই। এবার প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, তারিখ ও লিওনেল মেসি খেলবেন কি না, সেটা চূড়ান্ত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তারা এক টুইট বার্তায় জানিয়েছে, চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন মেসি। ১৫ জুনের এ ম্যাচের পর ১৯ জুন ইন্দোনেশিয়ায় তাদেরই বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্বকাপজয়ী মেসির আর্জেন্টিনা। বিস্তারিত পড়ুন: