সড়ক পরিবহনমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ওবায়দুল কাদের ও ইয়াও ওয়েন
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের।

প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে সড়ক পরিবহনমন্ত্রীকে অবহিত করেন চীনের রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে ‘পার্টি টু পার্টি’ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এই লক্ষ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলকে চীন সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।