সারা দেশে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে তালিকাভুক্তরা দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল সহায়তা পান

তিন জেলার ২১ ইউনিয়নে স্থানীয় দ্বন্দ্বের কারণে বন্ধ হয়ে পড়া দরিদ্র নারীদের জন্য চলতি বছরের চাল বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে শুরু হয়েছে। এই নারীরা বকেয়া মাসগুলোর পাওনা চালও পেয়ে যাবেন।
মহিলাবিষয়ক অধিদপ্তর দরিদ্র নারীদের জন্য দেশজুড়ে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমে তালিকাভুক্ত নারীরা দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে চাল সহায়তা পান।
চলতি বছর দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি, কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার ২টি ও রাজারহাট উপজেলার ১টি এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নে ভিডব্লিউবি কার্যক্রমের তালিকা তৈরি নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধিদের নিজেদের মধ্যে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দ্বন্দ্বের কারণে তালিকা চূড়ান্ত করা যাচ্ছিল না।
আলোচনার মাধ্যমে জনপ্রতিনিধিদের বুঝিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। দরিদ্র নারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।নূরে তাসনিম, রাজারহাটের ইউএনও
ভিডব্লিউবি কার্যক্রম–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তালিকা করা নিয়ে কোথাও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের দ্বন্দ্ব; কোথাও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে ইউপি সদস্যদের এবং কোথাও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের দ্বন্দ্ব থাকায় ২১টি ইউনিয়নে তালিকা চূড়ান্ত করা যাচ্ছিল না।
এ নিয়ে গত ২৬ এপ্রিল প্রথম আলোয় ‘স্থানীয় দ্বন্দ্বে ২১ ইউনিয়নে দুস্থ নারীরা চাল পাননি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী, ভেড়ভেড়ী, আংগারপাড়া, খামারপাড়া, ভাবকী ও গোয়ালডিহি ইউনিয়নে তালিকা তৈরি নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার মতবিরোধ ছিল। এর ফলে তালিকা চূড়ান্ত হচ্ছিল না। এসব ইউনিয়নে কার্ড বরাদ্দ রয়েছে ২ হাজার ৬৫৯টি। সরকারি কর্মকর্তারা দারিদ্র্যসীমার নম্বর দেখে নির্ধারিত সময়ে তালিকা করেছিলেন বলে দাবি করেন। আর ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অভিযোগ ছিল, তালিকা তৈরিতে তাঁদের মতামত উপেক্ষা করা হয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশে তালিকা নিয়ে সমস্যার সমাধান হয়েছে। সোমবার চাল বিতরণ শুরু হয়েছে।আফসানা মোস্তারী, খানসামা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা
এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে দিনাজপুর জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়। দফায় দফায় আলোচনার পর গত সপ্তাহে সমঝোতার ভিত্তিতে তালিকা চূড়ান্ত হয়।
গত রোববার ইউপি সদস্য ঐক্য ফোরামের সভাপতি মোজাহারুল ইসলাম প্রথম আলোকে জানান, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কিছু দাবি মেনে নেওয়ার পর তালিকার বিষয়ে তাঁরা সম্মত হয়েছেন। আর খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী বলেন, দারিদ্র্যসীমার স্কোরের ভিত্তিতে তালিকা হলে সেটা ন্যায্য তালিকা হতো।
খানসামা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারী রোববার প্রথম আলোকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে তালিকা নিয়ে সমস্যার সমাধান হয়েছে। সোমবার চাল বিতরণ শুরু হয়েছে।
কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে কার্ড বরাদ্দ নিয়ে দ্বন্দ্বে তালিকা চূড়ান্ত করা যাচ্ছিল না। জেলা প্রশাসক আলোচনায় বসে জনপ্রতিনিধির মধ্যে সমঝোতা করিয়ে দেন।
জেলার নাগেশ্বরী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. জেবুন নেছা চর রাজীবপুর উপজেলা ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। রোববার তিনি প্রথম আলোকে জানান, জনপ্রতিনিধিদের মধ্যে সমঝোতার পর তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং গত সপ্তাহে চালও বিতরণ করা হয়েছে।
তালিকা নিয়ে জনপ্রতিনিধিদের মধ্যে দ্বন্দ্ব ছিল কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নেও। রাজারহাটের ইউএনও নূরে তাসনিম রোববার প্রথম আলোকে বলেন, আলোচনার মাধ্যমে জনপ্রতিনিধিদের বুঝিয়ে সমস্যার সমাধান করা হয়েছে। দরিদ্র নারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২টি ইউনিয়নেও তালিকা নিয়ে সমস্যা ছিল। ধাপে ধাপে তালিকা নিয়ে সমস্যার সমাধানের পরও পাঁচটি ইউনিয়নে সমস্যা জিইয়ে ছিল। সেসব ইউনিয়নে মে মাসের মাঝামাঝি থেকে ধাপে ধাপে চাল বিতরণ শুরু হয়। ১২ মে ইউএনও জুয়েল আহমেদ তালিকা নিয়ে সমস্যা না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডব্লিউবি কার্যক্রমের কর্মসূচি কর্মকর্তা আয়েশা আক্তার প্রথম আলোকে বলেন, তালিকা নিয়ে সমস্যা দেখা দিলে সর্বোচ্চ মহল পর্যন্ত গিয়ে সমাধান করা হয়। যেসব ইউনিয়নে তালিকা নিয়ে দ্বন্দ্ব ছিল, সেসব স্থানে আলোচনার মাধ্যমে সমাধান করে পর্যায়ক্রমে চাল বিতরণ শুরু হয়েছে। উপজেলার খাদ্যগুদামে এ কার্যক্রমের চাল মজুত আছে। চার-পাঁচ মাসের বকেয়া চালও এক মাসের মধ্যে বিতরণ করা হবে।