শুভ সকাল। আজ ৩১ জুলাই, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে কথা বলার অনুমতি চেয়ে পাননি মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলাটির শুনানি শেষে ট্রাইব্যুনালের এজলাসের কাঠগড়া থেকে হাজতখানায় নেওয়ার সময় লতিফ সিদ্দিকী বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন।’ বিস্তারিত পড়ুন...
বিশ্বকাপসহ ফিফার বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ঘিরে বিরোধিতা আরও জোরালো হচ্ছে। ইইউ, উয়েফা, কনক্যাকাফ ও কয়েকটি জাতীয় ফুটবল ফেডারেশনের পর এবার আপত্তি জানিয়েছে ইউরোপের পেশাদার ফুটবলারদের প্রতিনিধিত্বকারী সংগঠন ফিফপ্রো ইউরোপ। খেলোয়াড়দের সঙ্গে কোনো আলোচনা ছাড়া তৈরি করা এ প্রস্তাব তারা কখনোই গ্রহণ করবে না বলে জানিয়েছে। বিস্তারিত পড়ুন...
ভারতের সাম্প্রতিক ‘তেলাপোকা’দের আন্দোলনের মধ্য দিয়ে গত চার বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার চারটি দেশ বড় ধরনের সরকারবিরোধী আন্দোলন ও অভ্যুত্থানের সাক্ষী হলো। এর মধ্যে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের আন্দোলন সরাসরি সরকারের পতন ঘটিয়েছে। ভারতে সে তুলনায় কেবল শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়েই আন্দোলনের ইতি ঘটেছে। বিস্তারিত পড়ুন...
সাংবাদিক বুবলি জর্জ ভার্গিসকে হয়তো এই প্রজন্মের অনেকে চিনবে না। বি জি ভার্গিস নামে পরিচিত এই সাংবাদিক ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তথ্য উপদেষ্টা। এ ছাড়া হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের নামী সম্পাদক ছিলেন তিনি। বঙ্গোপসাগর ও মিয়ানমারের কালাদান নদীপথে ভারতের ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত সাত রাজ্যের সঙ্গে যোগাযোগের জন্য প্রথমবারের মতো একটি ট্রানজিট প্রকল্পের প্রস্তাব তিনিই করেছিলেন। বিস্তারিত পড়ুন...
এবারের বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন বলে মজা করে আলোচনায় আসেন চিত্রনায়িকা পরীমনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর তিনি বলেন, ‘বিয়েটা আর করতে হলো না।’ গত বুধবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনেও মজার ছলে তিনি আবার বিয়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তাঁর এই প্রশ্নে হাসির রোল পড়ে যায়। বিস্তারিত পড়ুন...