শুভ সকাল। আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রকাশিত সংবাদের অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত নানা খবর ও বিশ্লেষণ।

বেসরকারি প্রতিষ্ঠান ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এম এ খালেকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় ১১৬ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধান শেষে গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করা হয়। বিস্তারিত পড়ুন:
রাজধানীর কারওয়ান বাজারে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সংস্থাটির একজন চিকিৎসা কর্মকর্তার (মেডিকেল অফিসার) ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। মো. মনোয়ারুল হক নামের ওই কর্মকর্তা বছর দুয়েক ধরে বেতন–ভাতা পাচ্ছিলেন না। এর আগে তিনি নরসিংদীর রায়পুরা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরত ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। পরিবারের অভিযোগ, মনোয়ারুলকে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত পড়ুন:
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু কর্নারের জন্য পাঁচটি বই কিনতে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সব বই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মুন্শী শাহাবুদ্দীন আহমেদের লেখা। বঙ্গবন্ধুর ১০০ ভাষণ, বঙ্গবন্ধুর ৬-দফা বাঙালির মুক্তির সনদ, বঙ্গবন্ধুর বাজেট ১৯৭১-১৯৭৫, বঙ্গবন্ধুর উক্তি সংগ্রহ এবং মানবতার জননী শেখ হাসিনা—এই পাঁচটি বইয়ের মোট দাম ৩ হাজার ১৭৩ টাকা। বিস্তারিত পড়ুন:
মেট্রোরেল বুধবার থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে চলাচল করছে। নতুন সময় অনুযায়ী, সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ট্রেন চলবে। গত বৃহস্পতিবার ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বিস্তারিত পড়ুন:
পুড়ে যাওয়া বঙ্গবাজার কমপ্লেক্সের জায়গায় ঈদ পর্যন্ত চৌকি বসিয়ে কেনাবেচা করতে চান ব্যবসায়ীরা। সেই সঙ্গে এককালীন আর্থিক সহায়তাও চার তাঁরা। দেওয়া হোক। ঢাকার ফুলবাড়িয়ার বঙ্গবাজার কমপ্লেক্সের পুড়ে যাওয়া দোকানমালিকদের দাবিও এ দুটি। তাঁরা এ দাবি গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে তুলে ধরেছেন। বিস্তারিত পড়ুন:
প্রতি কেজি জিলাপির দাম ২০ হাজার টাকা! না, ভুল শোনেননি। বিশেষ এই জিলাপি ২৪ ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো। সে জন্যই এত দাম। পবিত্র রমজান মাস উপলক্ষে এই জিলাপি তৈরি করেছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ। সাধারণ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে এটি বিক্রি শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন:
সরকারের সমালোচনার অর্থ দেশদ্রোহ নয়। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বুধবার এক মামলার রায়ে এই মন্তব্য করে বলেন, সরকারের সমালোচনা করলে রাষ্ট্রীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে কোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া যায় না। সরকারের সমালোচনা দেশ বা রাষ্ট্রের সমালোচনা নয়। বিস্তারিত পড়ুন:
চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে ৫৫ কিলোমিটার দূরে সিমি উপত্যকার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে রুদ্ধদ্বার এ বৈঠক হয়। ১৯৭৯ সালের পর প্রথম কোনো শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মাটিতে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন। বিস্তারিত পড়ুন:
ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ পেলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই বছর এমসিসির আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে ১৯ জনকে, যেখানে আছেন ৮টি টেস্ট খেলুড়ে দেশের সাবেক খেলোয়াড়েরা। ইংল্যান্ড ও ভারতের আছেন ৫ জন করে সাবেক খেলোয়াড়। বিস্তারিত পড়ুন:
কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনাকে ৪–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে দুর্দান্ত ফিনিশিংয়ে দুটি এবং পেনাল্টি থেকে অন্য গোলটি করে নিজের টানা দ্বিতীয় হ্যাটট্রিক আদায় করে নিয়েছেন রিয়াল স্ট্রাইকার করিম বেনজেমা। আগামী ৬ মে ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ ওসাসুনা। বিস্তারিত পড়ুন: