অটোরিকশায় আগুন: ঈদে ঘোরার আনন্দের জায়গায় এখন পোড়ার কষ্ট

সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে স্ত্রী-সন্তানদের দগ্ধ হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে আসেন আবুল হোসেন। হাসপাতালের বারান্দায় বসে কাঁদছিলেন তিনি। আজ বেলা তিনটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সামনে
 ছবি: জুয়েল শীল

ঈদের নতুন জামা পরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল তৃতীয় শ্রেণিতে পড়ুয়া জান্নাত। মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় মাঝখানে বসেছিল সে। মা জোছনা বেগমের কোলে ছিল বোন কাইনাত। তার পরনেও নতুন জামা। মাঝপথে অটোরিকশার সিলিন্ডার থেকে আগুন লেগে দগ্ধ হন তাঁরা। সবচেয়ে সংকটাপন্ন জান্নাত।

মা-বোনের পাশাপাশি জান্নাতের বড় চাচি বিলকস বেগম এবং তার ছোট খালা সাথী আকতারও দগ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় এই ঘটনা ঘটে। ঈদ উপলক্ষে মায়ের সঙ্গে শহর থেকে এক কিলোমিটার দূরে খালা রোকসানার বাসায় বেড়াতে যাচ্ছিল জান্নাতরা।

পাঁচজনই এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। ছয় বছর বয়সী জান্নাতের শরীরের ৪৫ ভাগ পুড়ে গেছে। অন্যদের ১৫ থেকে ৩০ ভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। শ্বাসনালি পুড়ে যাওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

জান্নাতের বাবা আবুল হাশেম কর্ণফুলী নদীতে নৌকা চালান। চিকিৎসা করানোর সামর্থ্য তাঁর নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বারান্দায় বসে কাঁদছিলেন তিনি। আবুল হাশেম যখন কাঁদছিলেন, তখন অস্ত্রোপচার কক্ষ থেকে ভেসে আসছিল তাঁর মেয়ে জান্নাতের আর্তচিৎকার।

ঈদে মেয়েকে নতুন জামা কিনে দেন জানিয়ে আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আমারও যাওয়ার কথা ছিল। কিন্তু একটা কাজ পড়ে যাওয়ায় আমি যাইনি। বিকেলে তাদের ফিরে আসার কথা। মেয়েদের বিদায় দেওয়ার কিছুক্ষণ পর ফোন আসে। সবাই পুড়ে যাওয়ার খবর শুনে দৌড়ে হাসপাতালে আসি।’

পরিবার নিয়ে কর্ণফুলী থানার শিকলবাহা গোদার পাড় এলাকায় থাকেন আবুল হাশেম। বিলকিস তাঁর বড় ভাই বাহদুর মিয়ার স্ত্রী। বাহদুর এলাকায় একটি ছোট মুদির দোকান করেন। স্ত্রী-স্বজনদের খবর শুনে হাসপাতালে আসা বাহদুর বলেন, ‘পৈতৃক ভিটায় দুই ভাই থাকি। কীভাবে তাদের উন্নত চিকিৎসা করাব, জানি না।’

সাথী আকতারের হাত ও পা পুড়েছে। অটোরিকশায় সে বসেছিল বাঁ দিকে। ডান পাশে বসেছিলেন বিলকিস। মাঝখানে দুই মেয়েকে নিয়ে জোছনা বেগম বসেন। সাথী বলেন, ‘অটোরিকশায় গ্রিলের দরজা ছিল না। আগুন লাগার সঙ্গে সঙ্গে আপা (জোছনা বেগম) আমাকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেন। এরপর বিলকিস আপাকেও ধাক্কা দেন। কিন্তু তাঁরা তিনজন বের হতে হতে বেশি পুড়ে যান।’ আগুন লাগার পর একটা শব্দ হয় বলেও জানান সাথী। এ ঘটনায় অটোরিকশাটি পুড়েছে। চালক পালিয়েছেন।

জান্নাতদের অটোরিকশায় যখন আগুন লাগে, তখন বাসায় বোন ও স্বজনদের অপেক্ষায় ছিলেন রোকসানা। তিন বোনের মধ্যে রোকসানা বড়। খবরটা শুনে দ্রুত তিনিও হাসপাতালে চলে যান। রোকসানা বলেন, ‘আমি তাদের জন্য রান্না করে অপেক্ষা করছিলাম। বোনের মেয়েরা আসবে। আনন্দ করবে। কিন্তু সবই শেষ হয়ে গেল।’