
স্ট্যান্ডার্ড চার্টার্ড আয়োজিত দেশের প্রথম করপোরেট ব্যান্ডসংগীত প্রতিযোগিতা ‘সিম্ফনি-ব্যান্ডস ইন সিঙ্ক’-এর গ্র্যান্ড ফিনালে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
প্রথম আসরের বিজয়ী হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। রানার্সআপ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। অসংখ্য প্রতিযোগীর মধ্যে ফাইনালিস্ট ছিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্র্যাক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। যেখানে ব্যান্ডগুলো দেশপ্রেম ও পদ্মা সেতুর উদ্বোধনী দিবসের গুরুত্বপূর্ণ উপলক্ষ চেতনায় ধারণ করে বিভিন্ন গান পরিবেশন করে।
প্রতিযোগীদের অসাধারণ পারফরম্যান্সের জন্য আরও কিছু অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যাঁদের মধ্যে সেরা বেজিস্ট হিসেবে তাহমিদ তিশাদ খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, সেরা ড্রামার/বিটবক্সার মুনতাসির মাইনুদ্দিন, রবি আজিয়াটা লিমিটেড, সেরা গিটারিস্ট শাফাত মৃধা, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, সেরা কি-বোর্ডিস্ট গ্রেস পি সেনগুপ্ত, ব্র্যাক, সেরা লিরিসিস্ট ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের পক্ষে তাহমিদ তিশাদ খান, সাইফ সোহান, সেরা ভোকালিস্ট হিসেবে খাদিজাতুল কোবরা শ্রাবনী, ব্র্যাক পুরস্কার পেয়েছেন।
প্রতিযোগী ব্যান্ডগুলো ৬৫০–এর বেশি দর্শকের সামনে পারফর্ম করে, যেখানে বিচারক হিসেবে প্যানেলে ছিলেন দেশের তিন প্রথিতযশা শিল্পী বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া ও নকীব খান। এ ছাড়া অতিথিদের মধ্যে করপোরেটজগতের স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আরও ছিল ওয়ারফেজের পারফরম্যান্স, যেখানে গান করেন ব্যান্ডের সাবেক লিড ভোকালিস্ট সঞ্জয় কামরান রহমান।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, দেশের বিকাশ ও সমৃদ্ধির ৫০ বছর উদ্যাপনকালে করপোরেটজগতের এমন প্রতিভাবান সংগীতশিল্পীদের তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এই আনন্দঘন মুহূর্তে আমি পদ্মা সেতু উদ্বোধনের জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক অভিনন্দন জানাই, যা কোটি কোটি বাংলাদেশির কাছে শুধুমাত্র একটি সেতুই নয়, বরং বাংলাদেশের নিজের সক্ষমতায় স্বপ্নকে বাস্তবে পরিণত করার এক দৃঢ় প্রত্যয় এর প্রতিফলন।