জুয়েলারিশিল্পে ভ্যাট ও শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের

সোনা ও রুপার তৈরি অলংকার বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ভ্যাটের পরিমাণ ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তারা বলছে, দেশে বর্তমানে এক ভরি সোনার দাম ৯৯ হাজার ১৪৪ টাকা। এই পরিমাণ সোনা দিয়ে অলংকার তৈরিতে মজুরি দিতে হয় ৩ হাজার ৪৯৯ টাকা। সোনার দাম ও মজুরির ওপর ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয় ৫ হাজার ১৩২ টাকা। এতে ক্রেতা হারাচ্ছেন জুয়েলারি ব্যবসায়ীরা। অথচ ভারতে সমপরিমাণ সোনার অলংকারে ভ্যাট দিতে হয় ৩ শতাংশ বা ২ হাজার ৭৯১ টাকা।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং সেন্টারে জুয়েলার্স সমিতির কার্যালয়ে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্যাট কমানো ছাড়াও আগামী অর্থবছরের বাজেটে বাস্তবায়নের জন্য আরও ১১ দফা দাবি জানিয়েছেন সমিতির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সভাপতি সায়েম সোবহান আনভীর, সহসভাপতি আনোয়ার হোসেন, মো. রিপনুল হাসান প্রমুখ।

সমিতির নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশের বাজারে সোনার দামের পার্থক্যের কারণে বাংলাদেশের অনেক উচ্চবিত্ত ক্রেতা বিদেশ থেকে অলংকার কেনেন। এতে দেশের অর্থ বিদেশে চলে যাচ্ছে। সরকারও প্রত্যাশিত রাজস্ব হারাচ্ছে। তাই উচ্চবিত্ত ক্রেতারা যেন বিদেশ ভ্রমণে গিয়ে সোনার অলংকার কিনতে নিরুৎসাহিত হন, সেটি বিবেচনায় নিয়ে ভ্যাট নির্ধারণ করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্বর্ণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশে সোনার বার্ষিক চাহিদা প্রায় ৪০ টন। তবে প্রকৃত চাহিদা নিরূপণে সরকারের সমীক্ষা দরকার। দেশে বৈধভাবে সোনার চাহিদা পূরণ করার ক্ষেত্রে বড় বাধা কাঁচামালের উচ্চ মূল্য, অতিরিক্ত উৎপাদন ব্যয়, শিল্পসংশ্লিষ্ট যন্ত্রপাতির উচ্চ আমদানি শুল্ক। বর্তমানে জুয়েলারিশিল্পের প্রায় সব ধরনের পণ্য ও যন্ত্রপাতির আমদানি শুল্ক ৩০ থেকে ৬০ শতাংশ, যা স্থানীয় অন্যান্য শিল্পে আরোপিত শুল্কের চেয়ে অনেক বেশি। এতে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।

জুয়েলার্স সমিতির নেতারা সারা দেশের ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি বা ভ্যাট যন্ত্র স্থাপনের দাবি করেন। তাঁরা বলেন, ইএফডি মেশিন বসানোর মাধ্যমে জুয়েলারিশিল্পে স্বচ্ছতা আসছে। সব প্রতিষ্ঠানে ইএফডি মেশিন বসানো হলে সরকারের যেমন রাজস্ব বাড়বে, তেমনি ব্যবসায় সমতাও আসবে। ইএফডি মেশিন সব জুয়েলারি প্রতিষ্ঠানে না বসিয়ে কাউকে হয়রানি না করতে আহ্বান জানান তাঁরা।

জুয়েলার্স সমিতির অন্য দাবিগুলো হচ্ছে বৈধ পথে মসৃণ হীরা আমদানিতে  শুল্ক সহনীয় করা, সোনার অলংকার তৈরিতে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা, অপরিশোধিত আকরিক সোনা আমদানির ক্ষেত্রে কাস্টমস শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে শর্ত সাপেক্ষে ১ শতাংশ নির্ধারণ, আংশিক পরিশোধিত সোনার আমদানিতে শুল্ক ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ, সোনা পরিশোধনাগারশিল্পে ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেওয়া ইত্যাদি।