
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে। বাণিজ্য সম্ভাবনার দিকটি বিবেচনায় নিয়ে ভারত বর্তমানে আঞ্চলিক যোগাযোগব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের জন্যও আগ্রহী বলে জানান তিনি।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করার সুযোগ রয়েছে। ভারতে রপ্তানি করার মতো বাংলাদেশের অনেক সম্ভাবনাময় পণ্য রয়েছে। এসব পণ্য ভারত বিশ্বের অন্যান্য দেশ থেকে আমদানি করে। তাই বাংলাদেশ এই সুযোগ কাজে লাগাতে পারে।
বাংলাদেশের তৈরি টাইলস, সিরামিকস, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বাইসাইকেলসহ বেশ কিছু পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে উল্লেখ করে জসিম উদ্দিন বলেন, এই পণ্যগুলো বাংলাদেশ ভারতে রপ্তানি করতে পারে।
হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে আলাপকালে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। প্রয়োজনে সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে ভারতের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা যেতে পারে। এতে সেখান থেকে পণ্য উৎপাদন করে সহজেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করা সম্ভব হবে।
সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, প্রীতি চক্রবর্তী, সার্ক চেম্বারের সহসভাপতি শাফকাত হায়দার প্রমুখ।