লোডশেডিংয়ে তাড়াহুড়োয় সংবাদ সম্মেলন শেষ করল এফবিসিসিআই

প্রস্তাবিত বাজেট নিয়ে এফবিসিসিআইয়ের সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। আজ বেলা সাড়ে ৩টায় ঢাকার মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে
ছবি: প্রথম আলো।

বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে আয়োজন করা এক সংবাদ সম্মেলন লোডশেডিংয়ের কারণে তাড়াহুড়া করে শেষ করতে বাধ্য হয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। অনেক সাংবাদিক প্রশ্ন করার সুযোগই পাননি। এরই মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।

ঢাকার মতিঝিলে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে আজ শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সংবাদ সম্মেলন শুরু হয়। পরিচিতি পর্ব শেষে লিখিত বক্তব্য পাঠ শুরু করেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। তবে তাঁর বক্তব্য শেষ হওয়ার আগেই বিকেল চারটার কয়েক মিনিট পর লোডশেডিংয়ে পুরো মিলনায়তন অন্ধকার হয়ে যায়।

এর কয়েক সেকেন্ডের মধ্যেই জেনারেটর চালু হয়। আবার বক্তব্য শুরু করেন সভাপতি। কিছুক্ষণ পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। তিনজন সাংবাদিক প্রশ্ন করেন। উত্তর দিচ্ছিলেন জসিম উদ্দিন। ৪টা ২৫ মিনিটে আবার পুরো মিলনায়তন অন্ধকার হয়ে যায়। জেনারেটর ব্যাকআপ দিতে না পারায় এমনটা হচ্ছে বলে জানান এফবিসিসিআইয়ের দু-একজন কর্মকর্তা।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে লোডশেডিংয়ে পুরো মিলনায়তন অন্ধকার হয়ে যায়। তখন টেলিভিশন ক্যামেরার লাইটের আলোয় আরও কিছুক্ষন সংবাদ সম্মেলন চলে

এমন অন্ধকারের কয়েক মিনিটি সংবাদ সম্মেলন বন্ধ ছিল। গরমে নিজের স্যুট খুলে ফেলেন এফবিসিসিআই সভাপতি। অন্ধকারের মধ্যেই একজন সাংবাদিক প্রশ্ন করেন। উত্তর দেন সভাপতি। আরও দুই-তিনজন সাংবাদিক প্রশ্ন করার জন্য অনুমতি চাইছিলেন। এমন পরিস্থিতিতে ৪টা ৪০ মিনিটে সংবাদ সম্মেলন শেষ করেন জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি সাংবাদিকদের বলেন, দেশে যখন গ্যাস–বিদ্যুৎ পরিস্থিতি ভালো ছিল, তখন সবচেয়ে বেশি বিনিয়োগ হয়েছে। বর্তমানে আমাদের গ্যাস ও বিদ্যুৎ খাত অনেকটা আমদানিনির্ভর হয়ে পড়েছে। ফলে জ্বালানি ও বিদ্যুৎ খাতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বরাদ্দ বাড়াতে হবে। তাহলেই শিল্পায়ন হবে। নতুন কর্মসংস্থান হবে।

জসিম উদ্দিন আরও বলেন, ‘আমাদের মতো ব্যবসায়ীদের কাছে অন্ধকার বেশি ব্যয়বহুল। দাম যতই হোক, বিদ্যুৎ সরবরাহের কোনো বিকল্প নেই। তবে বিদ্যুৎ উৎপাদনের খরচ যতটা সম্ভব কমিয়ে আনতে হবে।’

জসিম উদ্দিন বলেন, গ্যাসের জোগান বাড়াতে বাপেক্সের সক্ষমতা বাড়ানো দরকার। এখানে বিনিয়োগ করতে হবে। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পর তারা এলএনজি সরবরাহ করতে চাইছিল না। তার মানে টাকা থাকলেই সব সময় জ্বালানি পাওয়ার নিশ্চয়তা কিন্তু নেই।

জসিম উদ্দিন আরও বলেন, ‘আমাদের দেশে কয়লা থাকলেও উত্তোলন করা হচ্ছে না। এখন অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে দুনিয়াতে। ঘরবাড়ির ক্ষতি না করেই তার নিচ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে। জাপান ও সৌদি আরবের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করতে চাচ্ছেন। চীনও তাদের ব্যবসা অন্য দেশে সরাতে চায়। তাই গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দরকার।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, হাবিব উল্লাহ ডন, আমিন হেলালী, ঢাকা চেম্বারের সভাপতি সামীর সাত্তার।