৬০% শিল্পকারখানায় ঈদের বোনাস হয়নি

শিল্পকারখানা
শিল্পকারখানা

পবিত্র ঈদুল ফিতরের বাকি আর তিন বা চার দিন। তবে গতকাল সোমবার পর্যন্ত ৬০ শতাংশ শিল্পকারখানার শ্রমিকেরা বোনাস পাননি। এমনকি শ্রমিকদের গত মার্চ মাসের বেতনও এখন পর্যন্ত পরিশোধ করেনি ২০ শতাংশ শিল্পকারখানা।

আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লার ৯ হাজার ৬১৬ শিল্পকারখানা পর্যবেক্ষণ করে শিল্প পুলিশ। তাদের প্রতিদিনের প্রতিবেদনে গতকাল এমন তথ্যই উঠে এসেছে। শিল্প পুলিশের সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

শিল্প পুলিশের তথ্যানুযায়ী, সাত অঞ্চলের ৯ হাজার ৬১৬ শিল্পকারখানার মধ্যে ১৯ দশমিক ৯৫ শতাংশ বা ১ হাজার ৯১৮টি গতকাল পর্যন্ত মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। আর ৬০ দশমিক ২৭ শতাংশ বা ৫ হাজার ৭৯৬ কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি।

তৈরি পোশাকশিল্পের অধিকাংশ কারখানা সাভার-আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে। শিল্প পুলিশের তদারকিতে থাকা ৯ হাজার ৬১৬ শিল্পকারখানার মধ্যে ২ হাজার ৬৮৯টি পোশাক ও বস্ত্র কারখানা।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ১ হাজার ৬৩১ কারখানার মধ্যে ২১১ কারখানা এখনো গত মাসের বেতন দেয়নি। আর ৯৮২ কারখানা শ্রমিকদের ঈদ বোনাস দেয়নি। অন্যদিকে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য ৭০০ কারখানার মধ্যে ৩৬৬টি ঈদ বোনাস দেয়নি।

আর গত মাসের বেতন দেয়নি ১৮৫ কারখানা। এ ছাড়া বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সদস্য ৩৫৮ কারখানার মধ্যে ৪৬টি এখনো মার্চের বেতন দেয়নি। আর ঈদ বোনাস দেয়নি ২১৩ কারখানা।

জানতে চাইলে বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সদস্য প্রতিষ্ঠানের ৯০ শতাংশই মার্চের বেতন দিয়ে দিয়েছে। ঈদ বোনাস দেওয়া শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে অধিকাংশ কারখানা বোনাস পরিশোধ করে ছুটি দেবে। এখন পর্যন্ত বেতন-ভাতা পরিশোধ নিয়ে কোনো অভিযোগ নেই।’

ঈদের ছুটির আগেই পোশাকশিল্পের মালিকপক্ষকে শ্রমিকের বোনাস পরিশোধ করতে হবে। গত মাসের বকেয়া বেতনও দিতে হবে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৪তম সভায় সিদ্ধান্ত হয়, ঈদের ছুটির আগেই পোশাকশিল্পের মালিকপক্ষকে শ্রমিকের বোনাস ও গত মাসের বেতন দিতে হবে।

জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘আমাদের হিসাবে গতকাল পর্যন্ত ৯০ শতাংশের বেশি কারখানা মার্চের বেতন আর ৬৩ শতাংশ কারখানা বোনাস দিয়েছে। বাকি কারখানাগুলো বুধবারের মধ্যে পরিশোধ করবে। আশা করছি, কোনো সমস্যা হবে না।’

তৈরি পোশাকশিল্পের বাইরে আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লার ৮৩ পাটকলের সব কটি গত মাসের বেতন দিয়েছে। তবে এখনো বোনাস দেয়নি ৫৪ পাটকল। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার ৩৪৫ কারখানার মধ্যে ১০২টি এখনো বোনাস দেয়নি। তবে তিনটি ছাড়া সব কটি গত মাসের বেতন দিয়েছে। এ ছাড়া ৬ হাজার ৪৯৯ অন্যান্য শিল্পকারখানার মধ্যে ১ হাজার ৪৭৩টি এখনো মার্চের বেতন দেয়নি। বোনাস পরিশোধ করেনি ৪ হাজার ৭৯টি।