নন-কটন বা তুলাবিহীন পোশাক রপ্তানিতে ১০ শতাংশ বিশেষ প্রণোদনা চায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই প্রণোদনা চেয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে গতকাল রোববার চিঠি দিয়েছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
অর্থমন্ত্রীকে দেওয়া চিঠিতে বিজিএমইএর সভাপতি বলেছেন, ‘ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাব পড়েছে আমাদের অর্থনীতি ও শিল্পে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৭ শতাংশ হবে, যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতিবেদন অনুযায়ী, এ বছর বিশ্ববাণিজ্যে প্রবৃদ্ধি হতে পারে আড়াই শতাংশ, যা গত বছর ছিল ৪ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজারগুলো, বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। তার প্রভাব তৈরি পোশাক খাতে পড়েছে।’
ফারুক হাসান বলেন, ‘চার দশকে তৈরি পোশাকের রপ্তানি ৪ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছালেও আমাদের পণ্যের উপকরণ বহুমুখীকরণ হয়নি বললেই চলে। গত ২০২১-২২ অর্থবছরে রপ্তানি করা পোশাকের ৭৩ শতাংশই ছিল তুলা বা কটনের তৈরি। ১৩ বছর আগে ২০০৮-০৯ অর্থবছরে পরিমাণটি ছিল ৬৯ শতাংশ। তার মানে তুলার তৈরি পোশাকের ওপর নির্ভরশীতা বেড়েছে। যদিও সাম্প্রতিক সময়ে তুলার পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি আশাব্যঞ্জক।
বিজিএমইএর সভাপতি চিঠিতে জানান, ‘বৈশ্বিক পোশাক বাণিজ্যের ৫২ শতাংশ নন-কটনের। সেখানে আমাদের নন-কটনের পোশাক মাত্র ২৫ শতাংশ। বিগত দশকে আমাদের দেশে নন-কটন বিশেষত ম্যানমেড বা কৃত্রিম তন্তু খাতে কিছু বিনিয়োগ হলেও তা মূলত মূলধন ও তথ্যপ্রযুক্তিনির্ভর। যদিও প্রতিযোগী দেশগুলোয় স্থানীয় পর্যায়ে এই শিল্পের কাঁচামালের জোগান থাকায় তারা সক্ষমতায় অনেক এগিয়ে গেছে।
ফারুক হাসান আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে আমরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সবচেয়ে বেশি শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকি। বর্তমানে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির আওতায় শুধু কাপড় থেকে পোশাক তৈরি করলেই শুল্কমুক্ত সুবিধা পাওয়া যায়। কিন্তু উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত হলে এই বাজারে জিএসপি প্লাস বা স্ট্যান্ডার্ড জিএসপি পেতে হলে সুতা থেকে কাপড় ও সেই কাপড় থেকে পোশাক তৈরি করতে হবে। এটি হলে আমাদের ওভেন খাত বিশেষ করে নন-কটন পোশাক উৎপাদনকারী কারখানাগুলো সংকটের মধ্যে পড়বে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পশ্চাৎমুখী সংযোগশিল্প, বিশেষ করে ওভেন এবং নন-কটনে বিনিয়োগ করতে হবে।’
নন-কটন পোশাকের বৈশ্বিক বাজার ও রপ্তানিসম্ভাব্যতা বিবেচনায় নিয়ে এ খাতে বিনিয়োগ ও রপ্তানি উৎসাহিত করতে এবং প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে নন-কটন পোশাক রপ্তানির ওপর ১০ শতাংশ হারে বিশেষ প্রণোদনা দেওয়ার অনুরোধ করেন বিজিএমইএর সভাপতি। তিনি বলেন, ‘এই বিশেষ প্রণোদনা দেওয়া হলে আমাদের তৈরি পোশাক রপ্তানি বাড়বে। নতুন বিনিয়োগ আসবে। তাতে নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।’