মিলমালিক-সরকার টানাপোড়েনে ঈদের বাজারে চিনির সংকট

বাজারে খোলা চিনি প্রতি কেজি ১৪০ টাকার নিচে পাওয়া যাচ্ছেই না। এমনকি ১৫০ টাকা কেজিতেও বিক্রি হচ্ছে।

চিনি
ফাইল ছবি

কোরবানির ঈদে মূলত মাংস খাওয়ার আয়োজনই হয়ে থাকে বেশি। এর মধ্যেও তৈরি হয় মিষ্টিজাতীয় নানা পদের খাবার। তাতে পবিত্র ঈদুল আজহার আগেও বাজারে চিনির চাহিদা বৃদ্ধি পায়। ঠিক এমন সময়েই কিনা পণ্যটির দাম নিয়ে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের টানাপোড়েন চলছে। ফলে বাজারে তৈরি হয়েছে চিনির সংকট, বেড়েছে দাম। এই সুযোগে প্রতি কেজি খোলা চিনির দাম ১৫০ টাকা পর্যন্ত উঠেছে।

সরেজমিনে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে জানা যায়, বেশ কিছুদিন ধরে প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। এখন তো বাড়তি দামের কারণে খোলা চিনিও সব দোকানে পাওয়া যাচ্ছে না। খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকা মহানগরীর ১৩টি বাজারের ওপর যে প্রতিবেদন দিয়েছে, তাতেও চিনির দাম এমনই উল্লেখ করা হয়েছে। সংস্থাটির হিসাবে, গত এক বছরে চিনির দাম বেড়েছে ৭৭ শতাংশ।

দাম বেঁধে না দিয়ে সরকার চিনি আমদানি করতে পারে। আর কোনো কোম্পানি কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা তৈরি করলে সেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক।
গোলাম রহমান, সভাপতি, ক্যাব

এ ব্যাপারে নিউমার্কেট কাঁচাবাজারের হৃদয় স্টোরের স্বত্বাধিকারী মো. হৃদয় হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঈদের আগে আগে চিনির ভালো চাহিদা থাকে। কিন্তু এবার দোকানে চিনি রাখতে পারিনি। কারণ, সরকার যে দাম বেঁধে দিয়েছে, তার থেকে বাজারে চিনির দাম অনেক বেশি। বাড়তি দামে বিক্রি করলে ভোক্তা অধিদপ্তর জরিমানা করে। অথচ কোম্পানি পর্যায়ে তাদের অভিযান দেখি না।’

সরকারিভাবে প্রতি কেজি খোলা চিনির দাম ১২০ ও প্যাকেটজাত চিনি ১২৫ টাকা নির্ধারণ করে দেওয়া আছে। সরকারের বেঁধে দেওয়া এই দাম অবশ্য মিলমালিকেরা মানছেন না। তাঁরা চলতি মাসের প্রথম দিকে খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি ১৪০ ও প্যাকেটজাত চিনি ১৫০ টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। সরকার সেটি আমলে নেয়নি। এরপর ২২ জুন থেকে চিনিকল মালিকেরা প্রস্তাবিত ওই দামই কার্যকর করার সিদ্ধান্ত জানান। তখন সরকার নড়েচড়ে বসে। মিলমালিকদের নিয়ে বৈঠক করে সরকার জানিয়ে দেয়, ঈদের আগে দাম আর বাড়ানো যাবে না।

সরকারের নির্ধারিত মূল্যে বাজারে চিনি বিক্রি হচ্ছে কি না, তা নজরদারিতে রাখার জন্য গত বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল শনিবার ঢাকার মৌলভীবাজারে ৫০ কেজির প্রতি বস্তা চিনি বেচাকেনা হয়েছে ৬ হাজার ৭০০ থেকে ৬ হাজার ৮৫০ টাকায়। তাতে প্রতি কেজি চিনির পাইকারি দাম পড়েছে ১৩৪ থেকে ১৩৭ টাকা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, লোকসানের কথা বলে মিল থেকে চিনি কম ছাড়া হচ্ছে। এতে দাম বাড়ছে। গত সেপ্টেম্বর থেকে বাজারে চিনির দাম নিয়ন্ত্রণের জন্য সরকার হস্তক্ষেপ নিতে শুরু করে। এই সময়ে সরকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ছয়বার দাম বেঁধে দিলেও কোনোবারই তা কার্যকর হয়নি।

মিলমালিকেরা জানান, বিশ্ববাজার থেকে যে চিনি এখন দেশে আসছে, তা কেনা হয়েছিল ৬৬৫ ডলার টন দরে। আমদানি ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতে প্রতি ডলারের দাম পড়ছে ১১৪ টাকা, যা এলসি খোলার সময় আরও কম ছিল। এর সঙ্গে প্রতি টন চিনিতে ৩৮ হাজার টাকা শুল্ক ও পরিশোধন খরচ ২০ হাজার টাকা যোগ হয়। ফলে প্রতি টন চিনিতে খরচ পড়ছে ১ লাখ ৩৩ হাজার ৮১০ টাকা। এতে প্রতি কেজি চিনির দাম দাঁড়ায় ১৩৪ টাকার আশপাশে। সরকার এ কথা শুনছে না।

এদিকে সরকার ইতিমধ্যে এক দফা চিনির শুল্ক কমিয়েছে। তাতেও চিনির দামে বড় কোনো প্রভাব পড়েনি।

এ ব্যাপারে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ও দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়তি থাকায় দেশের বাজারে দাম বেশি। এ ছাড়া জ্বালানির খরচ দফায় দফায় বেড়েছে। ১০০ শতাংশের ওপরে মার্জিন দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে। ডলার কিনতে হচ্ছে বেশি দামে। এতে কোম্পানিগুলোর জন্য ব্যবসা করা কঠিন হয়ে গেছে। সরকারকে এসব বিষয় বিবেচনায় নিতে হবে।

স্থানীয় শিল্পের সুরক্ষায় চিনি আমদানিতে উচ্চ হারে শুল্ক আরোপ করা হলেও স্থানীয় চিনির উৎপাদন মাত্র ১ শতাংশ। চিনি আমদানি হয় বছরে ২০ থেকে ২২ লাখ টন। দেশে সাকল্যে চিনি উৎপাদন হয় মাত্র ৩০ হাজার টনের মতো; অর্থাৎ চিনির বাজার প্রায় পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। আর অপরিশোধিত চিনি আমদানি করে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান—সিটি, মেঘনা, এস আলম, দেশবন্ধু ও আবদুল মোনেম।

এদিকে দেশের বাজার ব্যবস্থাপনার সমালোচনা করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, দাম বেঁধে না দিয়ে সরকার চিনি আমদানি করতে পারে। আর কোনো কোম্পানি কৃত্রিম সংকটের মাধ্যমে অস্থিরতা তৈরি করলে সেটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক।