
বাইসাইকেল, রিকশা ও অটোরিকশা তৈরির অন্যতম যন্ত্রাংশ (পার্টস) ফ্রি হুইল ও স্প্রোকেট। এ দুটির সঙ্গে বাইসাইকেল, রিকশা ও অটোরিকশার চেইন যুক্ত থাকে এবং এর মাধ্যমেই চাকা ঘোরে। দেশে বিভিন্ন আকারের ৩৫ থেকে ৪০ লাখ ইউনিট ফ্রি হুইল ও ৫০ থেকে ৫৫ লাখ ইউনিট স্প্রোকেটের চাহিদা রয়েছে। বিদেশ থেকে বিশেষ করে চীন ও ভারত থেকে আমদানি করেই বর্তমানে এ দুই যন্ত্রাংশের চাহিদা মেটাচ্ছে বাংলাদেশ।
কিন্তু এক কোটি ইউনিট ফ্রি হুইল ও স্প্রোকেটের এ বাজার খুব সহজেই আমদানি বিকল্প, অর্থাৎ দেশীয় উৎপাদনের মাধ্যমে মেটানো সম্ভব। কীভাবে সম্ভব, তার একটি চিত্র পাওয়া যায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) এক প্রতিবেদন থেকে। বিটিটিসির এ প্রতিবেদন সম্প্রতি তৈরি হয়েছে বাংলাদেশ বাইসাইকেল মার্চেন্ট অ্যাসেম্বলিং অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রক্ষিতে।
বিটিটিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রি হুইল ও স্প্রোকেটের উৎপাদন ‘শিশু শিল্পের মধ্যে পড়ে’। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আইন, ২০২০–এর ৭(২) ধারা অনুযায়ী শুল্ক সুরক্ষা আইন, ১৯৫০–এর আলোকে শিশু শিল্পকে সুনির্দিষ্ট মেয়াদে সুরক্ষা দেওয়ার বিধান আছে।
বলা হয়, পণ্য দুটির চাহিদা মেটানোর জন্য তিনটি প্রতিষ্ঠান এগুলোর উৎপাদন কার্যক্রম শুরু করেছে। এগুলো হচ্ছে আজিজ সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএফএফ লিমিটেড এবং সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর মধ্যে সিরাজ সাইকেল তাদের পণ্য বাজারজাতও শুরু করেছে। সিরাজ সাইকেলের উৎপাদনক্ষমতা ৩০ লাখ ইউনিট ফ্রি হুইল ও ৬০ লাখ ইউনিট স্প্রোকেট। তিনটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করলে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।
শিশু শিল্প হিসেবে ফ্রি হুইল ও স্প্রোকেটের উৎপাদনকারীদের সুরক্ষা দেওয়ার যুক্তি দিয়ে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব হেনা মো. রহমাতুল মুনিমের কাছে প্রতিবেদনটি পাঠিয়েছে বিটিটিসি। এতে আগামী ২০২৩–২৪ অর্থবছরের বাজেট প্রণয়নের সময় বিষয়টি বিবেচনার কথা বলা হয়েছে।
কাঁচামাল কী, শুল্ক কত
এনবিআর সূত্রে জানা গেছে, ফ্রি হুইল ও স্প্রোকেট উৎপাদনে ব্যবহৃত প্রধান কাঁচামাল হচ্ছে এইচ আর শিট আর সহযোগী কাঁচামাল হচ্ছে পল, স্প্রিং ও পলিশিং কেমিক্যাল ও রং। এর তিনটির ক্ষেত্রে প্রতি টনে শুল্ক–কর ৩৪ দশমিক ৮ শতাংশ আর একটিতে ৫৬ দশমিক শূন্য ৪ শতাংশ।
আর ফ্রি হুইল ও স্প্রোকেট আমদানিতে সব মিলিয়ে শুল্ক–কর ৩৭ শতাংশ। এর মধ্যে ১০ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম কর।
তিন অর্থবছরের আমদানির পরিমাণ বিশ্লেষণে দেখা যায়, প্রতিবারই আমদানি বেড়েছে। ২০১৯–২০ অর্থবছরে ২১ হাজার টন, ২০২০–২১ অর্থবছরে ২৯ হাজার টন ও ২০২১–২২ অর্থবছরে প্রায় ২৫ হাজার টন ফ্রি হুইল ও স্প্রোকেট আমদানি হয়েছে।
যোগাযোগ করলে সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিশু শিল্প হিসেবে ফ্রি হুইল ও স্প্রোকেট উৎপাদনে আমরা সুরক্ষা পাওয়ার দাবিদার। আমদানিতে শুল্কহার বাড়িয়ে দিলেই আমাদের সুরক্ষা হবে। সুরক্ষা দিলে স্থানীয় চাহিদা পূরণ করে রপ্তানিও করা সম্ভব। আর না পেলে ২০০ শ্রমিকের এ কারখানা বন্ধ করে দিতে হবে।’
সুরক্ষা পাওয়ার যৌক্তিকতা
প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য দুটির উৎপাদনে মূল্য সংযোজন ৪০ থেকে ৪৫ শতাংশ। অথচ পণ্য দুটি উৎপাদনের কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্কহার ও পণ্য দুটি আমদানিতে শুল্কহারের যে ব্যবধান, তাতে মূল্য সংযোজন বিবেচনায় স্থানীয় উৎপাদনকারীরা যথাযথ সুরক্ষা পাচ্ছে না। আবার শিশু শিল্প হিসেবে এ পণ্যের ‘ব্র্যান্ড ইমেজ’ না থাকায় আমদানি করা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না। ফলে বাজার ও উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন ব্যয় বাড়ছে এবং প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে।
বিটিটিসি বলছে, বাইসাইকেল ও রিকশা উৎপাদনকারী শিল্পের পশ্চাৎপদ শিল্প (ব্যাকওয়ার্ড লিংকেজ) হিসেবে টায়ার, টিউব ও রিম উৎপাদনকারী শিল্পের মতো নির্দিষ্ট মেয়াদে সুরক্ষা দেওয়া হলে স্থানীয় এ শিল্প বিকশিত হবে। শুধু তা–ই নয়, আমদানিনির্ভরতা কমিয়ে রপ্তানি বাজারে ঢোকাও সম্ভব হবে। করণীয় হচ্ছে ফ্রি হুইল ও স্প্রোকেট আমদানিতে বিদ্যমান শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা। এতেই দেশীয় কোম্পানিগুলো সুরক্ষা পাবে।
এনবিআরের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজেট চূড়ান্ত হওয়ার সময় বিটিটিসির প্রতিবেদনের বিষয়বস্তু তাদের বিবেচনায় থাকবে।