
ওয়ালটন বাজারে নিয়ে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ইন্টারনেট অব থিংগস (আইওটি) ভিত্তিক তিনটি সাইড বাই সাইড ডোর ফ্রিজ। এই ফ্রিজের বিশেষত্ব হলো, খাবার শেষ হয়ে গেলে তা সংকেত পাঠাবে। এই সংকেত যাবে নির্ধারিত মুঠোফোনে বা সংযুক্ত দোকানে।
এ ছাড়া ডিজিটাল ডিসপ্লে-সংবলিত ওয়ালটনের জায়ান্ট টেক সিরিজের এসব ফ্রিজে থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তি। এর মধ্য দিয়ে হাই-টেক ফ্রিজ উৎপাদন ও বিপণনে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে জায়ান্ট টেক সিরিজের নতুন মডেলের ফ্রিজের উদ্বোধন উপলক্ষে জমকালো এক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ।
অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, ‘জায়ান্ট টেক সিরিজের ফ্রিজের মডেল তৈরিতে ইউরোপ, আমেরিকা, কোরিয়া, থাইল্যান্ডসহ বিশ্বের অনেক দেশের ফ্রিজ-বিশেষজ্ঞদের নিয়ে কাজ করেছি। বাংলাদেশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র এবং প্রকৌশলী দল গঠনে বিপুল বিনিয়োগ করেছে ওয়ালটন।’
গোলাম মুর্শেদ আরও বলেন, ‘ওয়ালটনের সব বিভাগের সদস্য পাঁচ বছর ধরে জায়ান্ট টেক সিরিজ ফ্রিজের সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে নিরলসভাবে কাজ করেছেন। এরই প্রতিফলন হিসেবে দক্ষিণ এশিয়ার প্রথম ফোর ডোর ফ্রিজ উৎপাদনকারী দেশের মর্যাদা লাভ করল বাংলাদেশ। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিশ্বের সবচেয়ে আধুনিক ফ্রিজ উৎপাদনকারী দেশে বাংলাদেশের রূপান্তর ঘটল। আমাদের এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
ফ্রিজের প্রধান ব্যবসা কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, ওয়ালটনের শুরুটা যাঁরা করেছিলেন, তাঁরা কর্মীদের মধ্যে একটা স্বপ্ন বুনে দেন যে একসময় ওয়ালটনের তৈরি পণ্য উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা সক্ষমতা তৈরি করতে পারবে। সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ওয়ালটনের প্রকৌশলীরা আমেরিকা ও ইউরোপ থেকে অভিজ্ঞতা নিয়ে এসেছেন।
২০২৭ সালের মধ্যে বৈশ্বিক বাজারে আইওটিভিত্তিক ফ্রিজের বাজার তৈরি হবে উল্লেখ করে তোফায়েল আহমেদ আরও বলেন, ‘খাবার শেষ হলে এসব ফ্রিজ সংকেত পাঠাবে। এই সংকেত যাবে নির্ধারিত মুঠোফোনে বা সংযুক্ত দোকানে। দেশের পাশাপাশি সারা বিশ্বে এই পণ্য পাঠানোর জন্যও আমরা প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের গর্বের বিষয়। একই সঙ্গে চ্যালেঞ্জও বটে। অতীতের মতো আমরা এই চ্যালেঞ্জে জয়ী হতে চাই।’
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির প্রধান বিপণন কর্মকর্তা দিদারুল আলম খান বলেন, প্রযুক্তিতে উন্নত জাতি গড়তে কাজ করে যাচ্ছে ওয়ালটন। দেশের মানুষের চাহিদা কোনটা, সেটা ভালোভাবে বুঝতে পারায় ওয়ালটন দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে।
ওয়ালটন জানিয়েছে, জায়ান্ট টেক সিরিজের নতুন তিনটি পণ্য হচ্ছে ৬৬০ লিটারের জিটি প্রো ম্যাক্স, ৬৪৬ লিটারের জিটি প্রো ও ৬১৯ লিটারের জিটি মডেলের ফ্রিজ। ৬১৯ লিটার থেকে ৬৬০ লিটার ধারণক্ষমতার ওয়ালটনের জিটি সিরিজের ফ্রিজগুলো বাজারে আসবে চলতি মাসেই। এই মডেলগুলোর দাম পড়বে ১ লাখ ১৩ হাজার থেকে ২ লাখ টাকার মধ্যে।
ওয়ালটনের এসব ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্টসহ কমপ্রেসরে ১২ বছরের গ্যারান্টি এবং পাঁচ বছরের জন্য বিনা মূল্যে বিক্রয়োত্তর সেবার সুবিধা পাবেন ক্রেতারা। এ ছাড়া আছে আইএসও সনদপ্রাপ্ত দেশব্যাপী বিস্তৃত ৭৯টি সেবাকেন্দ্র থেকে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাওয়ার নিশ্চয়তা। সাড়ে চার হাজার ভোল্টের বজ্রপাতেও এই ফ্রিজগুলো টিকে থাকবে বলে জানিয়েছে ওয়ালটন।
ওয়ালটনের ফোর ডোর জিটি প্রো ম্যাক্স ও সাইড বাই সাইড ডোর জিটি প্রো মডেলের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ওয়াটার ডিসপেন্সার। এ ছাড়া জিটি প্রো ম্যাক্স মডেলে ২১ দশমিক ৫ ইঞ্চি ও জিটি মডেলে ১৫ দশমিক ৬ ইঞ্চির মাল্টিমিডিয়া এলসিডি ডিসপ্লে থাকবে। এতে ইউটিউব ব্রাউজিং, অনলাইন গ্রোসারি শপিং অফলাইন ভিডিও ও অডিও কাউন্টডাউন ক্লক, অনলাইন রেসিপি, ক্লক, ক্যালেন্ডার, ইন্টারনেট ব্রাউজিং, সেলফি ক্যামেরা, ওয়েদার আপডেট ইত্যাদি ফিচার রয়েছে।
এ ছাড়া সাইড বাই সাইড জিটি প্রো মডেলে আছে ডিজিটাল ডিসপ্লে। জিটি সিরিজের তিনটি মডেলেই স্মার্ট কন্ট্রোল ফিচার থাকায় ওপরের দরজায় হাতের স্পর্শের মাধ্যমেই ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। সে জন্য ফ্রিজের দরজা খোলার প্রয়োজন পড়ে না; ফলে সর্বোচ্চ কুলিং পারফরম্যান্সের সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় হয়।
এ বিষয়ে ওয়ালটন ফ্রিজের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান আজমল ফেরদৌস বলেন, সর্বাধুনিক প্রযুক্তি বলতে যা বোঝায়, এই ফ্রিজগুলো ঠিক তা-ই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফ্রিজের আইওটি কর্মকর্তা ও ওয়ালটনের গবেষণা ও উদ্ভাবন বিভাগের উপপ্রধান মালেক শিকদার, জ্যেষ্ঠ উপপরিচালন কর্মকর্তা রিফাত খসরু, কুলিং সিস্টেম কর্মকর্তা তাওসিফ আরাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ও অভিনেতা আমিন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শোয়েব হোসেন নোবেল, ওয়ালটন প্লাজার প্রধান নির্বাহী পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের উপব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, মো. হুমায়ূন কবীর ও মো. ইউসুফ আলী, জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ওয়ালটন ফ্রিজের প্রধান ব্যবসা কর্মকর্তা তোফায়েল আহমেদ, ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ প্রমুখ।