
শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) তৈরি পোশাক কারখানা বন্ধ করা হলে শ্রম অসন্তোষের উসকানি দেওয়া হবে বলে মনে করছেন শ্রমিকনেতারা। তাঁরা বলেছেন, বর্তমানে এক-দুটি জায়গায় আন্দোলন হচ্ছে। তাই আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে।
শ্রমিক সংগঠনগুলোর পাঁচটি জোটের যৌথভাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন। একই সঙ্গে তাঁরা আলোচনার জন্য মজুরি বোর্ডকে সময় দিতে এবং কারখানায় কাজে ফিরতে পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তৈরি পোশাকশিল্পে চলমান পরিস্থিতি নিয়ে আগামীকাল শনিবার বিজিএমইএ তার সদস্যদের নিয়ে বিশেষ সাধারণ সভা করবে। এই সভায় যেসব কারখানার শ্রমিকেরা উৎপাদনে যুক্ত হবেন না, সেসব কারখানা ১৩ (১) ধারায় (কাজ নেই, মজুরি নেই) বন্ধ এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মজুরি বোর্ডে আলোচনায় না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মালিকপক্ষ। ইতিমধ্যে সাভার ও আশুলিয়ায় ৭টি কারখানা ওই ধারায় বন্ধ করেছে মালিকপক্ষ।
সংবাদ সম্মেলনে শ্রমিকনেতারা বলেছেন, ‘ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করুন। ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড, উসকানি বা অপতৎপরতার সঙ্গে যুক্ত হবেন না। কোনো ব্যক্তি বা স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় কোনো পদক্ষেপ নেবেন না।’
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি মীর আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, বাংলাদেশ টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার, গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার প্রমুখ।