রাজধানীতে চার দিনের আন্তর্জাতিক সুতা ও কাপড় প্রদর্শনী শুরু হচ্ছে। প্রদর্শনীতে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
১৩ আগস্ট বৃহস্পতিবার ঢাকার বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনীর সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো’। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস। আয়োজকেরা জানান, আন্তর্জাতিক প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে দেশের তৈরি পোশাক খাতের প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসরেরা স্থানীয়ভাবেই বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে সরাসরি সুতা, ফেব্রিক, অ্যাকসেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল সোর্সিং বা সংগ্রহের সুযোগ পাবেন।
এ ছাড়া ওভেন ও নিট পোশাকের হরেক রকমের সুতা, ব্লেন্ডেড সুতা, উল ও স্যুট ফেব্রিক, প্রিন্টেড ফেব্রিক এবং স্পোর্টস ও হোম ফেব্রিক প্রদর্শন করা হবে। একই সঙ্গে পোশাকের নানাবিধ অ্যাকসেসরিজসহ এমব্রয়ডারি ও হট স্ট্যাম্পিংয়ের মতো আধুনিক প্রসেসিং প্রযুক্তি প্রদর্শিত হবে। প্রদর্শনীতে স্থান পাচ্ছে ভারতের কেমেক্সসিলের একটি বিশেষ প্যাভিলিয়ন।
প্রদর্শনী সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টিপু সুলতান ভূঁইয়া বলেন, ‘পোশাক খাতের প্রবৃদ্ধি ও মানোন্নয়নে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী ফেব্রিক সোর্সিং অত্যন্ত জরুরি। দেশীয় রপ্তানিকারকদের হাতের নাগালে আন্তর্জাতিক সরবরাহকারীদের নিয়ে আসাই আমাদের প্রদর্শনীর মূল লক্ষ্য।’