
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে চান ভারতীয় ব্যবসায়ীরা। এ জন্য শুল্ক ও অশুল্ক বাধা দূর করে ব্যবসা সহজ করার ওপর জোর দিয়েছেন তাঁরা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে আজ এক মধ্যাহ্নভোজ সভায় বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল। ঢাকা সফররত সিআইআই প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআইয়ের নেতাদের মধ্যাহ্নভোজ সভাটি আজ মঙ্গলবার মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়।
ভোজসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।
পরে সংবাদ সম্মেলনে বৈঠকের আলোচনার বিষয়ে বিস্তারিত জানান ফজলুল হক ও চন্দ্রজিৎ ব্যানার্জি। এ সময় ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের পাশাপাশি এফবিসিসিআইয়ের সাবেক তিন সভাপতি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সভায় সিআইআই প্রতিনিধিদল দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে একটি অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) উন্নয়নে এবং অন্যটি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডেটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী শিল্পে সহযোগিতাবিষয়ক। টাস্কফোর্স গঠনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এ জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটি টাস্কফোর্সের রূপরেখা ঠিক করবে।
সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা বাড়াতে চান। বিনিয়োগ বাড়াতে চান। তিনি আরও বলেন, কীভাবে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আস্থা বাড়ানো যায়, সেটি নিয়ে কাজ করতে হবে। সংলাপ না বাড়াতে পারলে ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা কমবে না।
বাংলাদেশে ব্যবসা করে এমন প্রতিষ্ঠান ভারতীয় প্রতিনিধিদলে রয়েছে উল্লেখ করে চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, তাঁদের কোনো সমস্যা হচ্ছে না। উভয় দেশের মধ্যে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ যত বাড়বে সম্পর্ক তত ভালো হবে।
পরে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক সাংবাদিকদের বলেন, বাংলাদেশ–ভারতের মধ্যকার বাণিজ্যে অশুল্ক বাধা নিয়ে সভায় আলোচনা হয়েছে। ভিসা প্রাপ্তি নিয়ে জটিলতা রয়েছে, সেসব নিয়েও কথা হয়েছে।