
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুর এলাকায় তিন মাস আগে বন্ধ হওয়া মোতালেব মনোয়ারা গার্মেন্টস কারখানার ৩৫০ জন পোশাকশ্রমিককে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মোতালেব মনোয়ারা গার্মেন্টস কারখানার মূল ফটকের সামনে শ্রমিকদের হাতে ঈদসামগ্রী তুলে দেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মাহমুদ হোসেন, রাজু আহমেদ, আবু সুফিয়ান, মামুন চৌধুরী, আবদুর রব রবিন, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন প্রমুখ। ফেডারেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন মাস আগে বন্ধ হলেও মোতালেব মনোয়ার গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া পাওনা পাননি। ঈদের আগে শ্রমিকের পাওনা বুঝিয়ে দিতে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর কাছে আনুষ্ঠানিকভাবে দাবি জানানো হলেও কোনো কাজ হয়নি। ঈদের আগে বকেয়া পাওনা না পাওয়ায় শ্রমিকেরা ঈদ উদ্যাপন করতে বাড়িতে যেতে পারেননি।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মাহবুবুর রহমান ইসমাইল মোতালেব মনোয়ারার সব শ্রমিককে আইনানুগ পাওনা আগামী ৭ এপ্রিলের মধ্যে পরিশোধের দাবি জানান।