ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলের জন্য শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে
ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলের জন্য শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকার একটি চেক হস্তান্তর করে। আজ বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে

শ্রমিককল্যাণ তহবিলে ১ কোটি ৩৭ লাখ টাকা দিল ট্রান্সকম গ্রুপ

বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা জমা দিয়েছে ট্রান্সকম গ্রুপ। সচিবালয়ে আজ বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে ট্রান্সকম গ্রুপের একটি প্রতিনিধিদল এই টাকার চেক হস্তান্তর করে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রান্সকম গ্রুপের শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল (ডব্লিউপিপিএফ) থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এ তহবিলে জমা করা হয়। ট্রান্সকম গ্রুপের পরিচালক (মানবসম্পদ বিভাগ) এম সাব্বির আলীর নেতৃত্বে তিন সদস্যের দলটি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে চেকটি হস্তান্তর করে। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের মানবসম্পদ বিভাগের নির্বাহী মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম এবং উপব্যবস্থাপক এইচ এম রোমান উদ্দিন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবদুছ সামাদ আল আজাদ এবং উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ দেশের শ্রমজীবী মানুষের কল্যাণে ও আপৎকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অন্য কোম্পানিগুলোকেও আইনি বিধান অনুসরণে এগিয়ে আসার আহ্বান জানান।

আইনি বিধান অনুসরণ করে বার্ষিক লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ প্রতিবছরই শ্রমিককল্যাণ তহবিলে দিয়ে আসছে ট্রান্সকম গ্রুপ। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বছরের তুলনায় ট্রান্সকম গ্রুপ এবার শ্রমিককল্যাণ তহবিলে ১১ লাখ টাকা বেশি জমা দিয়েছে।

শ্রমিককল্যাণ ফাউন্ডেশনের এই তহবিল থেকে অসহায় শ্রমিকদের সহায়তা, মৃত শ্রমিকদের পরিবারের জন্য অনুদান, শিক্ষাবৃত্তি ও জরুরি চিকিৎসা ব্যয়ের জন্য অর্থ ব্যয় করা হয়। ট্রান্সকম গ্রুপ ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

অনুষ্ঠানের পর ট্রান্সকম গ্রুপের পরিচালক এম সাব্বির আলী প্রথম আলোকে বলেন, ট্রান্সকম একটি দায়িত্বশীল শিল্পগোষ্ঠী। দায়িত্ব পালনের অংশ হিসেবেই এ টাকা বাংলাদেশ শ্রমিককল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।