মোহাম্মদ নুরুন নবী
মোহাম্মদ নুরুন নবী

ভবনের সাজসজ্জার চাহিদায় বাড়ছে বোর্ডের বাজার

দ্রুত নগরায়ণ, আধুনিক জীবনধারায় মানুষের রুচি ও চাহিদার পরিবর্তন আসছে। বিশেষ করে মধ্যবিত্ত ও করপোরেট শ্রেণির প্রসারের সঙ্গে তাল মিলিয়ে দেশে বাড়ছে সাশ্রয়ী মূল্যের আধুনিক ফার্নিচার ও ভবন সাজসজ্জার চাহিদা। এই চাহিদার বড় অংশই এখন মেটাচ্ছে স্থানীয়ভাবে উৎপাদিত প্রসেসড কাঠ বা ইঞ্জিনিয়ারড উড—বিশেষ করে পার্টিকেল বোর্ড, মেলামাইন ফেসড বোর্ড, এমডিএফ ও প্লাইউড। টেকসই, সাশ্রয়ী ও নান্দনিক হওয়ায় প্রাকৃতিক সলিড কাঠের বাজারে জায়গা করে নিয়েছে এসব আধুনিক বোর্ড।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যমতে, দেশে মেলামাইন ও পার্টিকেল বোর্ডের বর্তমান বাজার প্রায় ৫ হাজার কোটি টাকার। আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ইন্টেরিয়র ডিজাইনের প্রবৃদ্ধির ওপর ভর করে এই খাত প্রতিবছর ১৮ থেকে ২০ শতাংশ হারে বড় হচ্ছে। বাজারের চাহিদার ৮৫-৯০ শতাংশই মেটাচ্ছে দেশীয় শীর্ষস্থানীয় উৎপাদক প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দেশে ব্যবহৃত পার্টিকেল বোর্ডের প্রায় ৫৫ শতাংশ যায় ফার্নিচার খাতে এবং বাকি অংশ ব্যবহৃত হয় বাসাবাড়ি ও অফিসের ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশনে। এর মধ্যে আকর্ষণীয় ফিনিশিং ও স্থায়িত্বের কারণে মেলামাইন বোর্ডের চাহিদা বাড়ছে।

প্রযুক্তি ও দেশীয় সক্ষমতা

একসময় দেশের বাজারের একটি বড় অংশ আমদানিনির্ভর থাকলেও স্থানীয় ব্র্যান্ডগুলোর সুদূরপ্রসারী উদ্যোগে চিত্র বদলে গেছে। বর্তমানে দেশীয় কারখানাগুলো চাহিদার সিংহভাগ জোগান দিচ্ছে। এই খাতে অন্যতম প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ বোর্ড ময়মনসিংহের ত্রিশালে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও আধুনিক বোর্ড উৎপাদন কারখানা করেছে। এখানে জার্মানির অত্যাধুনিক ‘সিম্পেলক্যাম্প’ প্রযুক্তির মাধ্যমে ‘কন্টিনিউয়াস রোল’ পদ্ধতিতে উচ্চমানের পার্টিকেল বোর্ড, মেলামাইন ফেসড বোর্ড এবং ই-টু গ্রেডের এমডিএফ বোর্ড উৎপাদিত হচ্ছে। আন্তর্জাতিক মানের এ প্রযুক্তি বোর্ডের মসৃণতা, অভিন্ন ঘনত্ব এবং ঘুণ ও আর্দ্রতা প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করছে।

দেশি কোম্পানি সুপার, আকিজ, পারটেক্স, আম্বার, মডার্ন বোর্ডসহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের বোর্ড বাজারজাত হচ্ছে।

আমরা ঠান্ডা ও গরম পানি এবং তাপ প্রতিরোধী বিভিন্ন ধরনের বিশেষায়িত বোর্ড বাজারজাত করছি। পাশাপাশি আন্তর্জাতিক মানের ফোর প্রেস-টেকনোলজি ব্যবহার করে দেশে প্লাইউড উৎপাদন করছি। এসব পণ্যও ই–জিরো মানসম্পন্নভাবে বাজারে সরবরাহ করা হচ্ছে
মোহাম্মদ নুরুন নবী, হেড অব বিজনেস সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেড

সুপার ফরমিকা অ্যান্ড লেমিনেশন লিমিটেডের হেড অব বিজনেস মোহাম্মদ নুরুন নবী প্রথম আলোকে বলেন, কারিগরি দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি, প‍্যানেল বোর্ডের মান উন্নয়ন ও পরিবেশবান্ধব বোর্ড উদ্ভাবনে সুপার বোর্ড সুইজারল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে। সুপার বোর্ডের একটি গবেষণা বিভাগ আছে। এই বিভাগের গবেষণায় বর্তমানে ব্র্যান্ডটির ই-জিরো মানের ক্ষতিকর ফরমালডিহাইড নির্গমনমুক্ত বোর্ড বাজারজাতকরণ শুরু হয়েছে ।

মোহাম্মদ নুরুন নবী বলেন, ‘দেশে সাধারণত ই–ওয়ান থেকে ই–ফোর মানের বোর্ড উৎপাদিত হয়। সাধারণ মানের এই ধরনের বোর্ডে থাকা বিভিন্ন রাসায়নিক থেকে চোখে জ্বালাপোড়া, ত্বকে অ্যালার্জি, শ্বাসকষ্টসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। কোয়ালিটি ইন্টেরিয়রের জন্য আমাদের ই–জিরো মানের বোর্ড সম্পূর্ণ নিরাপদ ও পরিবেশবান্ধব।’

মোহাম্মদ নুরুন নবী জানান, ‘আমরা ঠান্ডা ও গরম পানি এবং তাপ প্রতিরোধী বিভিন্ন ধরনের বিশেষায়িত বোর্ড বাজারজাত করছি। পাশাপাশি আন্তর্জাতিক মানের ফোর প্রেস-টেকনোলজি ব্যবহার করে দেশে প্লাইউড উৎপাদন করছি। এসব পণ্যও ই–জিরো মানসম্পন্নভাবে বাজারে সরবরাহ করা হচ্ছে। অন্দরসজ্জা ও আসবাবপত্রের নান্দনিকতা বাড়াতে আমাদের রয়েছে ভিনিয়ার বোর্ড, ডেকোরেটিভ মেলামাইন। সম্প্রতি এর সঙ্গে যুক্ত হয়েছে অ্যাক্রিলিক, এইচপিএল শিট ও পিইটি পণ্য।’

তিনি আরও বলেন, এসব নতুন পণ্য দেশে উৎপাদন ও বাজারজাতের ফলে ভোক্তাদের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমছে। একই সঙ্গে অন্দরসজ্জা ও আসবাবপত্রশিল্পে পণ্যের বৈচিত্র্য বাড়ছে এবং দেশের অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।

পরিবেশগত সুরক্ষায় টেকসই অবদান

প্রাকৃতিক সলিড কাঠের ব্যবহার কমিয়ে মেলামাইন ও পার্টিকেল বোর্ড গ্রহণ করার ফলে বনাঞ্চল উজাড় প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখছে এই শিল্প। বোর্ড উৎপাদনে মূলত স মিলের কাঠ কাটার উচ্ছিষ্ট গুঁড়া ও পাটখড়ি ব্যবহার করা হয়। ফলে এটি একদিকে যেমন বর্জ্য পুনর্ব্যবহার করছে, অন্যদিকে পরিবেশ রক্ষায় সরাসরি অবদান রাখছে।

অন্দরসজ্জায় বোর্ডের বহুমুখী প্রয়োগ

মডুলার কিচেন ও ক্যাবিনেট: রান্নাঘরের আর্দ্রতা সামলাতে ওয়াটারপ্রুফ মেলামাইন ও এইচডিএইচএমআর বোর্ড ব্যবহার করা হচ্ছে, যা পরিষ্কার করা সহজ এবং দীর্ঘস্থায়ী।

ওয়াল প্যানেলিং ও ফলস সিলিং: ড্রয়িং ও বেডরুমে কাঠের প্রাকৃতিক স্পর্শ দিতে এমডিএফ ভিনিয়ার্ড প্যানেলিং ও ফলস সিলিংয়ের জনপ্রিয়তা শীর্ষে।

স্লিম আসবাব ও পার্টিশন: ছোট ফ্ল্যাটে স্থান বাঁচাতে ওয়ার্ডরোব, স্লাইডিং ডোর এবং সিএনসি কাটিংয়ের খোদাই করা পার্টিশন গঠনে বোর্ডের বিকল্প নেই।

ডেকোরেটিভ ও হিডেন স্টোরেজ: খাটের নিচে হিডেন ড্রয়ার, ওয়াল প্যানেলে কফিনের মতো ব্লাইন্ড ডোর তৈরিতে মসৃণ ফিনিশিং দেয় টেকসই ইঞ্জিনিয়ার্ড বোর্ড।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী বিকল্প: বনের প্রাকৃতিক কাঠ কাটার হার কমাতে এবং প্রথাগত সেগুন কাঠের চেয়ে ৫০ থেকে ৭০ শতাংশ কম খরচে ঘর সাজাতে আধুনিক গ্রাহকেরা বোর্ডের দিকে ঝুঁকছেন।