যুক্তরাষ্ট্রে আবারও নীতি সুদহার বেড়েছে, এখন ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ

ফেডারেল রিজার্ভের (ফেড) চেয়ারম্যান জেরোমি পাওয়েল
রয়টার্স

আবারও নীতি সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। গত বছর থেকে টানা নীতি সদুহার বৃদ্ধির কারণে তা এখন ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছেছে।

বিবিসির সংবাদে বলা হয়েছে, এ নিয়ে গত ১৪ মাসে ১০ বার নীতি সদুহার বাড়ানো হয়েছে। এ দফায় ফেড শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট হারে নীতি সুদহার বাড়িয়েছে।

তবে ফেড ইঙ্গিত দিয়েছে, গতকাল বুধবারের এই নীতি সদুহার বাড়ানোর মধ্য দিয়ে আপাতত এখনকার মতো নীতি সুদহার বৃদ্ধির ধারা থামল।

ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল সংবাদ সম্মেলনে বলেছেন, ভবিষ্যতে নীতি সুদহার আরও বৃদ্ধির কথা ফেডের চিন্তায় আছে, এমন কথা বলছি না। এই পরিস্থিতিকে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তন’ হিসেবে আখ্যা দিয়েছেন ফেডের চেয়ারম্যান। তবে তিনি এমন কোনো কথা দেননি যে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না; সবকিছু নির্ভর করবে তথ্য-উপাত্তের ওপর।
২০২২ সালের মার্চ মাসে ফেডারেল রিজার্ভের নীতি সুদহার ছিল শূন্যের কাছাকাছি। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়তে শুরু করে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় উঠে যায়। সেই মূল্যস্ফীতির লাগাম টানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বাড়াতে শুরু করে। ১৪ মাসে ১০ বার নীতি সুদহার বাড়ানোর কারণে সে দেশের নীতি সুদহার এখন ৫ থেকে ৫ দশমিক ২৫ শতাংশের সীমায় উঠেছে।

নীতি সুদহার বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঋণের সুদহার আরও বাড়বে। এতে সমাজে অর্থের চাহিদা কমবে। নীতি সুদ বাড়িয়ে মূল্যস্ফীতিতে লাগাম টানা গেলেও তার বিনিময়ে অর্থনীতির পালে হাওয়া কমে যায়।

যুক্তরাষ্ট্রে গত দুই মাসে যে তিন ব্যাংক ধসে গেল, তাতেও নীতি সুদহার বৃদ্ধির প্রভাব আছে। দেশটিতে আবাসন খাতে শ্লথগতি দেখা যাচ্ছে, তাও এই বর্ধিত নীতি সুদহারের কারণে।

ফেডারেল রিজার্ভ বা ফেড আবারও নীতি সদুহার বাড়িয়েছে

এদিকে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু ফেডের নীতি সুদহার বৃদ্ধির সমালোচনা করে টুইট করেছেন। তিনি বলেছেন, ‘এ বিষয়ে কঠোর নিয়ম নেই, কিন্তু আমি মনে করি, ফেডের এই নীতি সুদহার বৃদ্ধির সিদ্ধান্ত ভুল হয়েছে। নীতি সুদহার বৃদ্ধির কারণে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হাতে বিপুল পরিমাণ বন্ড আছে, তাদের স্থিতিপত্রের অবনতি হচ্ছে। মূল্যস্ফীতির চেয়ে এটাই এখন বড় সমস্যা হয়ে উঠেছে।’

বিষয়টি হলো, ঋণপত্র বা বন্ডের দাম সুদহারের বিপরীত। অর্থাৎ, সুদহার বাড়লে বন্ডের দাম কমে, আর সুদের হার কমলে বন্ডের দাম বাড়ে। এর কারণ হলো, বন্ড যখন কেউ কেনে, তখন তাতে নির্দিষ্ট হারে সুদের প্রতিশ্রুতি থাকে। এরপর বাজারে সুদের হার বাড়লে কেউ যদি আগের বন্ড অন্যের কাছ থেকে একই দামে কেনে, তা হলে আগের হারে সুদ পাবে, যা বাজারে চলতি সুদহারের চেয়ে কম।

বাজারে চলতি সুদহারের সঙ্গে পা মিলিয়ে মুনাফা পেতে গেলে ক্রেতাকে ওই বন্ড আগের চেয়ে আনুপাতিক হারে এত কমে কিনতে হবে, যাতে তার সুদহার বাজারে চলমান সুদের সমান হয়। সুদহার কমলে এর ঠিক উল্টোটা ঘটবে।

সম্প্রতি ধসে পড়া আর্থিক প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) নগদ জোগানের ভারসাম্যের তোয়াক্কা না করে বন্ডে দীর্ঘ মেয়াদে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছিল। আমেরিকার বাজারে তখন নীতি সুদহার প্রায় শূন্য; কোভিডও আসেনি, লকডাউন বা লাগাম ছাড়া মূল্যস্ফীতিও ছিল না। সমস্যার শুরু হলো লকডাউন-উত্তর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে।

এসভিবি ঠিক এ কারণেই বিপদে পড়ে; অর্থাৎ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ফেড নীতি সুদহার বাড়াতে থাকলে এসভিবির কেনা বন্ডের দাম কমতে থাকে। ফলে স্থিতিপত্রে তাদের মুনাফা কমতে থাকে। গত ৮ মার্চ ব্যাংকটি বন্ডে বিনিয়োগ বাবদ ১৮০ কোটি ডলার ক্ষতির কথা ঘোষণা করতে বাধ্য হয়। এরপর আমানতকারীরা রাতারাতি তাদের জমা টাকা এই ব্যাংক থেকে সরিয়ে নেওয়া শুরু করে। এরপরই ব্যাংকটির পতন ঘটে।