
আমানতের সংকটে মাত্র তিন দিনের ব্যবধানে ধসে পড়েছে যুক্তরাষ্ট্রের দুটি আঞ্চলিক ব্যাংক। অন্যান্য আঞ্চলিক ব্যাংকের আমানতও কমছে। অন্যদিকে তারল্য–সংকটে পড়ে বিক্রি হয়ে গেছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস। ব্যাংক খাতের এমন পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য হুমকি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সেই তালিকায় এবার যোগ হলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। খবর দ্য গার্ডিয়ানের
আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা সতর্ক করে বলেছেন, ব্যাংক খাতে অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা এখন ঝুঁকির মুখে পড়েছে। তিনি বলেন, সুদের হার বৃদ্ধির কারণে ঋণ দিতে সমস্যায় পড়ছে ব্যাংকগুলো।
চীনের রাজধানী বেইজিংয়ে এক সম্মেলনে ক্রিস্টালিনা জর্জিভা বলেন, এটি স্পষ্ট যে সম্প্রতি সিলিকন ভ্যালি ব্যাংকের পতন ও সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক কিনে নেওয়ার মতো বিষয়গুলোর কারণে আর্থিক স্থিতিশীলতার ঝুঁকি বেড়েছে।
চলতি বছরে বিশ্ব অর্থনীতিতে মাত্র ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে সম্মেলনে জানান আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা। তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে ঋণের খরচ (সুদহার) বাড়লে তা অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও কমাবে।
আইএমএফের প্রধান বলেন, বর্তমানে পুরো বিশ্বই বেশি পরিমাণে ঋণের প্রবাহের মধ্যে রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতিও মোকাবিলা করতে হচ্ছে। এমন সময়ে দীর্ঘ সময় ধরে থাকা স্বল্প সুদের হার থেকে হঠাৎ অনেক বেশি সুদ হারে দ্রুত রূপান্তরের বিরূপ প্রভাব পড়েছে আর্থিক খাতে। কিছু উন্নত অর্থনীতির ব্যাংকিং খাতে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাক্রম দিয়ে তার প্রমাণ মিলছে।
গত সপ্তাহে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি) বলেছে, ব্যাংকিং খাতে সাম্প্রতিক অস্থিরতা ব্যবসা-বাণিজ্য ও প্রবৃদ্ধির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। ইসিবির ভাইস প্রেসিডেন্ট লুইস ডি গুইন্ডোস বলেন, কম সুদহারের সময়ে অনেক প্রতিষ্ঠান প্রচুর ঝুঁকি নিয়েছিল। এখন সুদের হার বৃদ্ধির পরে তারা সমস্যায় পড়ছে। বর্তমান বাস্তবতায় মূল্যস্ফীতি কমলেও তার সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধিও কমবে। ইসিবির এমন আশঙ্কা প্রকাশের পরপরই আইএমএফের প্রধানের থেকেও অনেকটা একই মন্তব্য এল।