
বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আজ ১১ এপ্রিল থেকে শুরু। সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট হিসেবে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। নিয়মিত এ আয়োজনের তৃতীয় পর্ব প্রকাশ করা হলো। এই পর্বে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন ২৫তম ব্যাচের সার্জেন্ট সুজন রেজা।
প্রার্থী: বাম হাতে ফাইল নিয়ে ভাইভা রুমে প্রবেশ করামাত্রই একজন স্যার নাম ধরে ডাকলেন। টেবিলের চারপাশে চারজন বোর্ড মেম্বার বসে আছেন। আমি টেবিলের সামনে রাখা ফাঁকা চেয়ারের পাশে গিয়ে দাঁড়ালাম।
মৌখিক পরীক্ষার বোর্ড: প্রথমে একজন ম্যাম প্রশ্ন করলেন। আপনার নাম তো সুজন? তাই না।
প্রার্থী: জি ম্যাম।
মৌখিক পরীক্ষার বোর্ড: ম্যাম বললেন, আপনার ভাইভা একটা গান দিয়ে শুরু করেন।
প্রার্থী: কী গান গাইব ম্যাম।
মৌখিক পরীক্ষার বোর্ড: আপনি সুবল চন্দ্র রায়ের একটি বিখ্যাত গান শুরু করুন।
প্রার্থী: ম্যামের কথা শুনে আমি পুরো অপ্রস্তুত হয়ে পড়লাম। মনে মনে ভাবতে লাগলাম শুরুতেই বুঝি গোল্লা মারলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই অনুমান করে উত্তর দিলাম, ম্যাম আমি দুঃখিত। আমি যতটুকু জানি সুবল চন্দ্র রায় নামে কোনো শিল্পী আমাদের দেশে এমনকি উপমহাদেশে নেই।
মৌখিক পরীক্ষার বোর্ড: পুলিশের ইউনিফর্ম পড়া একজন স্যার বললেন, শাবাশ বেটা। বসো। (প্রশ্নটা বুদ্ধি পরীক্ষার ছিল)।
প্রার্থী: হাসি খুশি চেহারায় চেয়ারে বসলাম।
মৌখিক পরীক্ষার বোর্ড: কোথায় পড়ালেখা করেছেন? বিষয় কী?
প্রার্থী: স্যার, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতক সম্পন্ন করেছি।
মৌখিক পরীক্ষার বোর্ড: আচ্ছা। আপনি বলুন কোন সুরায় বিসমিল্লাহ্ নাই এবং কোন সুরায় দুইবার বিসমিল্লাহ্ আছে?
প্রার্থী: সুরা তওবায় বিসমিল্লাহ্ নাই এবং সুরা নমেলে দুইবার বিসমিল্লাহ্ আছে।
মৌখিক পরীক্ষার বোর্ড: বলুন তো ১৭ মার্চ কী দিবস?
প্রার্থী: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।
মৌখিক পরীক্ষার বোর্ড: আর কী দিবস?
প্রার্থী: জাতীয় শিশু দিবস।
মৌখিক পরীক্ষার বোর্ড: অনুবাদ করুন—ছেলেটি হাসতে হাসতে এল এবং কাঁদতে কাঁদতে গেল।
প্রার্থী: তাড়াহুড়ো করতে গিয়ে ভুল উত্তর দিয়েছিলাম।
মৌখিক পরীক্ষার বোর্ড: আপনার নিজ এলাকা কী কী কারণে বিখ্যাত?
প্রার্থী: আমার জেলা দিনাজপুর। এ জেলা কাটারিভোগ চাল, লিচু, চিড়া ও পাপড়ের জন্য বিখ্যাত।
মৌখিক পরীক্ষার বোর্ড: আপনার পরিবারের সদস্য কয়জন। মা–বাবা কী করেন?
প্রার্থী: বললাম। বড় ভাই পুলিশে আছেন, সেটাও বললাম।
মৌখিক পরীক্ষার বোর্ড: ঠিক আছে সুজন। এবার আসুন।
প্রার্থী: কাগজপত্র নিয়ে সালাম দিয়ে বেরিয়ে এলাম।