
সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রতিবছর বিসিএস পরীক্ষায় (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়। এ পরীক্ষা পুরোপুরি সম্পন্ন করতে এক বছরের বেশি সময় পেরিয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্রতিবছরের বিসিএস পরীক্ষা বছরের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গতকাল রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে বার্ষিক প্রতিবেদন ২০২৫ পেশ করে। পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের নেতৃত্বে পিএসসি সদস্যদের সমন্বয়ে ১৫ জনের একটি প্রতিনিধিদল দুপুরে বঙ্গভবনে এ প্রতিবেদন পেশ করেন। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ তাগিদ দেন।
পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে জানান, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক ও কমিশনের সার্বিক কর্মকাণ্ড রাষ্ট্রপতিকে অবহিত করেন। এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করার জন্য পিএসসি যে রোডম্যাপ প্রণয়ন করেছে, তা বাস্তবায়নে জোর তাগিদ দেন রাষ্ট্রপ্রধান।
সাক্ষাৎকালে পিএসসির সচিবসহ রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।