মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক পরিদর্শক ও সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩ পদে মোট উত্তীর্ণ ১৫ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উপসহকারী প্রকৌশলী পদে ৯, তত্ত্বাবধায়ক পরিদর্শক পদে ১ ও সহকারী সম্প্রসারণ কর্মকর্তা পদে ৫ জন উত্তীর্ণ হয়েছেন।
১. নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সব সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।
২. সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তী সময় কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
৩. চাকরিতে নিয়োগের পর এ রূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে।