বাংলাদেশ রেলওয়েতে ‘পয়েন্টসম্যান’ (রাজস্ব খাতভুক্ত) পদে ৫৬৮ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ের বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হয় বলে আজ সোমবার রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নিয়োগপত্রটি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। ৫৬৮ জন পয়েন্টসম্যান জাতীয় বেতন স্কেল (২০১৫) ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা বেতন পাবেন। নিয়োগের পর প্রথম ২ (দুই) বছর শিক্ষানবিশ সময় হিসেবে গণ্য হবে। এ পদে যোগদানের শেষ তারিখ আগামী ৬ আগস্ট ২০২৫, অফিস চলাকালে।
৫৬৮ জন পয়েন্টসম্যানের যোগদানের স্থান: মহাব্যবস্থাপক (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম অথবা মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
চাকরিতে যোগদানের সময় পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদনের কপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
স্বাস্থ্যগত সনদ সংগ্রহ ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত নিয়োগ সাময়িক হিসেবে বিবেচিত হবে। কোনো প্রার্থীর দাখিল করা সনদ বা কাগজপত্র ভবিষ্যতে ভুয়া বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে নিয়োগপত্র বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।