
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) নতুন ই-রেজিস্ট্রেশন ও হালনাগাদের সময়সীমা আগামী ১ মার্চ দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সংশোধন অপশনও নির্ধারিত সময় পর্যন্ত চালু থাকছে। গতকাল রোববার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকের শূন্য পদসংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক প্রতিষ্ঠানগুলোর ই-রেজিস্ট্রেশন কার্যক্রম ৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল। সময়সীমা ১ মার্চ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। এ ছাড়া এই সময়ের মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ই-রেজিস্ট্রেশনের সময় তথ্য ভুল দিয়েছেন, সেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভুল সংশোধন (এডিট) করতে পারবেন। এ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএর ওয়েবসাইটে ‘ই-রেজিস্ট্রেশন’ সেবা বাক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেনুতে পাওয়া যাবে।
এনটিআরসিএর আইন ২০০৫ এবং পরিপত্র অনুসারে এমপিওভুক্ত শূন্য পদের ক্ষেত্রে ই-রেজিস্ট্রেশন এবং ই-রিকুইজিশন করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠানপ্রধান ও প্রতিষ্ঠানের এমপিও বাতিলকরণসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে উপরোল্লিখিত নির্দেশিকা অনুসরণে নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ই-রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা এনটিআরসিএতে পাঠানোর সুযোগ নেই।