বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান নিয়োগ, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড যেভাবে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রতিষ্ঠানপ্রধান, সহপ্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের প্রক্রিয়া জানিয়েছে এনটিআরসিএ। গতকাল সোমবার (১৩ এপ্রিল) এনটিআরসিএর এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, এনটিআরসিএর ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য অষ্টম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬–এর এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র প্রত্যেক আবেদনকারী অনুকূলে আপলোড করা হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইট https://ntrca.gov.bd বা http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে আবেদনকারীরা তাদের নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট ভিজিট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হলো।

নিয়োগপ্রক্রিয়া ও নম্বর বণ্টন

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, এবার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের দুটি ধাপ পার হতে হবে। প্রথমে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ ঘণ্টা সময়ের এই পরীক্ষায় ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রার্থীকে আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত পরীক্ষায় ৮০, মৌখিক পরীক্ষায় ৮ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য ১২ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তরের ফলাফল অনুযায়ী এই ১২ নম্বর প্রদান করা হবে।