এলজিইডির দুই পদে চাকরি পেলেন ১৭২ জন

প্রতীকী ছবি: প্রথম আলো

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজস্ব কাঠামোভুক্ত ১৭২টি শূন্য পদের (সার্ভেয়ার ৮৮ ও ইলেকট্রিশিয়ান ৮৪) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান পদে নিয়োগের জন্য গৃহীত নিয়োগ পরীক্ষার ভিত্তিতে বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে ১৭২ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি বিজ্ঞাপনের শর্ত এবং আবেদনপত্রের প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে সুপারিশ করছে যে নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীদের সব তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি যাচাই করে নিশ্চিত হয়ে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে।

সাময়িকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পরবর্তী সময় কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া ক্ষেত্রবিশেষে প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা যাবে। চাকরিতে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ পেলে বা প্রমাণিত হলে তাঁকে চাকরি থেকে অব্যহতিসহ তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সার্ভেয়ার ও ইলেকট্রিশিয়ান পদের চূড়ান্ত ফল দেখা যাবে এখানে।