প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগসহ বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আজ মঙ্গলবার সকালে এনটিআরসিএ কার্যালয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী আবেদন করেছেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ৪৭ হাজার ৩৫১ এবং নারী প্রার্থীর সংখ্যা ৫ হাজার ৭১৮। পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে।
এ ছাড়া এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় প্রবেশ পর্যায়ের শূন্য পদের তালিকা গ্রহণ শেষ হবে ১২ এপ্রিল। এরপর দ্রুতই ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনটিআরসিএর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘এনটিআরসিএ এখন পর্যন্ত ১ লাখ ৯০ হাজার শিক্ষক নিয়োগ দিয়েছে। এই প্রথম প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ দিচ্ছে। এখানে শতভাগ নিরপেক্ষ নিয়োগ হয়, এটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না।’ যেসব নিয়োগপ্রক্রিয়া চলমান, তা দ্রুত সম্পন্ন করা হবে। শিক্ষকদের গুণগত মান বৃদ্ধিতে সিলেবাসেও পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ১৮ এপ্রিল প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। ১১ হাজার ১৫১টি শূন্য পদে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের লক্ষ্যে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।