তিন অধিদপ্তরের মোট শূন্য পদ ১৩ হাজার ৫৯৯ টি
তিন অধিদপ্তরের মোট শূন্য পদ ১৩ হাজার ৫৯৯ টি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগের প্রক্রিয়া কবে শেষ হতে পারে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদন চলছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে আবেদনের প্রক্রিয়া। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগপ্রক্রিয়া কবে শেষ হতে পারে, তা জানিয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, আবেদেনের প্রক্রিয়া শেষ হওয়ার পর তা যাচাই–বাছাই করে বৈধ তালিকা প্রস্তুত করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

এনটিআরসিএ সদস্য এবং পরীক্ষা গ্রহণ কমিটির সদস্যসচিব মুহম্মদ নূরে আলম সিদ্দিকী প্রথম আলোকে জানান, ‘নিয়োগপ্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রিলি ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পরীক্ষা ও মানবণ্টন চূড়ান্ত হবে। আগস্ট মাসের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার ব্যাপারে আমরা আশাবাদী।’

এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) শূন্য পদের তথ্য দেওয়া হয়েছে। তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।