২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

সংক্ষেপে উত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নম্বর প্রশ্নের সংক্ষেপে উত্তর নিয়ে আলোচনা করব।

# নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো ১ × ১৫ = ১৫

প্রশ্ন: ময়নামতির ইতিহাসের সঙ্গে কার কাহিনি জড়িত?
উত্তর: ময়নামতি অষ্টম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনি ও জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত।
প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত।
প্রশ্ন: ময়নামতি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র। এ ছাড়া এখানে আর কোন কোন ধর্মের নিদর্শন পাওয়া গেছে?
উত্তর: ময়নামতিতে বৌদ্ধ ধর্মের নিদর্শন ছাড়াও হিন্দু ও জৈন ধর্মেরও নিদর্শন পাওয়া গেছে।
প্রশ্ন: ময়নামতির অন্য নিদর্শনগুলো কী কী?
উত্তর: ময়নামতির অন্য নিদর্শনগুলো হলো শিক্ষার্থীদের আবাসনসুবিধাসহ শিক্ষাপ্রতিষ্ঠানে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শন। এগুলো জাদুঘরে রক্ষিত আছে।
প্রশ্ন: সোনারগাঁ ও লালবাগ কেল্লা কত শতকের নিদর্শন?
উত্তর: সোনারগাঁ ও লালবাগ কেল্লা সতেরো শতকের ইতিহাসের নিদর্শন।
প্রশ্ন: সোনারগাঁ ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। সোনারগাঁ কোন জেলায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁ নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
প্রশ্ন: সোনারগাঁ কাদের রাজধানী ছিল?
উত্তর: সোনারগাঁ প্রাচীন বাংলার মুসলমান সুলতানদের রাজধানী ছিল।
প্রশ্ন: সোনারগাঁয়ে সুলতানি আমলের একজন সুলতানের মাজার রয়েছে, তাঁর নাম লেখো।
উত্তর: সোনারগাঁয়ে সুলতানি আমলের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মাজার রয়েছে।
প্রশ্ন: ঈশা খাঁর পুত্র মুসা খাঁ ১৬১০ সালে পরাজিত হন। তারপর কোথায় রাজধানী স্থাপন করা হয়?
উত্তর: সোনারগাঁয়ের পরিবর্তে রাজধানী ঢাকায় স্থাপন করা হয়।
প্রশ্ন: উনিশ শতকে হিন্দু বণিকদের সুতা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে কোন নগর গড়ে ওঠে?
উত্তর: হিন্দু বণিকদের সুতা-বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা