
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে আজ রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬)। চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের নির্ধারিত কলেজে সশরীর উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তির এ কার্যক্রম চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের কয়েকটি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র হলো-
এসএসসি পরীক্ষার অনলাইন মার্কশিট
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র
সদ্য তোলা দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
অনলাইন আবেদন নিশ্চায়নের কপি
শিক্ষার্থী ও অভিভাবকের মোবাইল নম্বর
এবার একাদশ শ্রেণির ভর্তিতে মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম তৈরি করে এসব আসনে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। বাকি ৭ শতাংশ আসনের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে। তবে এই কোটাপদ্ধতি শুধু ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে সেশন চার্জ ও ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা নেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। সর্বোচ্চ ফি ঢাকা মেট্রোপলিটন এলাকার নন-এমপিও বা আংশিক এমপিও কলেজে নেওয়া হবে। এ ছাড়া প্রতিষ্ঠান এমপিওভুক্ত কি না, অবস্থান এবং বাংলা বা ইংরেজি ভার্সনের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা হয়েছে।
গত ২৪ আগস্ট ২০২৬ শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা (বাংলা ও ইংরেজি ভার্সন) এবং উপজেলা ও মফ্ফসলে ১ হাজার ৫০০ টাকা।
নন-এমপিওভুক্ত কলেজে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা।
নন-এমপিও কলেজে ভর্তিতে ফি জেলায় বাংলা ভার্সনে তিন হাজার টাকা, ইংরেজি ভার্সনে চার হাজার টাকা। উপজেলা ও মফ্ফসলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে তিন হাজার টাকা ভর্তি ফি নেওয়া হবে।
শিক্ষা বোর্ড শিক্ষার্থীর কাছ থেকে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করার সময় রেজিস্ট্রেশন ফি বাবদ ১৪২ টাকা, ক্রীড়া ফি বাবদ ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি বাবদ ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ১০ টাকা, শিক্ষককল্যাণ ফি, অবসরসুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৪০ টাকা নেবে। আগের বছর বিএনসিসি ফি ছিল ৫ টাকা।
এ ছাড়া একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা এবং বার্ষিক ক্রীড়া মঞ্জুরি ফি বাবদ ৪০০ টাকা বোর্ডে পাঠাতে হবে।