ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের অগ্রিম ফি জমা দিতে হবে। এর আগে বিষয় পছন্দক্রম ফরম পূরণের বর্ধিত সময় শেষ হয় ৭ ফেব্রুয়ারি ২০২৬।
গত ২৭ জানুয়ারি এ প্রক্রিয়া শুরুর পর ৫ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল। তবে পরে দুই দিন সময় বৃদ্ধি করা হয়। এ ফরম পূরণে ৫ দফা নির্দেশনা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় মনোনয়ন প্রকাশ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। প্রথম বিষয় মনোনয়নের ক্ষেত্রে অগ্রিম ফি (১০০/৫০০ টাকা) প্রদানের সর্বশেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট সব ভর্তিযোগ্য শিক্ষার্থীকে বিষয় মনোনয়ন–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য নিজ নিজ ইউনিটের নোটিশ সেকশন দেখার অনুরোধ করা হলো।