ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের অনলাইন (eSIF পূরণের মাধ্যমে) রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এ কার্যক্রম চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান শিক্ষককে উল্লিখিত বিষয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
১.
৬ষ্ঠ শ্রেণি শিক্ষাবর্ষে ২০২৬–এর ১ জানুয়ারি শিক্ষার্থীর ন্যূনতম বয়স ৯+ এবং সর্বোচ্চ ১৫ বছর; তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর।
২.
বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) স্থাপন, চালুকরণ ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীরাই শুধু নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে।
৩.
বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশের বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক/ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। কোনো অবস্থাতেই ‘পাঠদানের অনুমতিবিহীন’ প্রতিষ্ঠানগুলো নিজ বিদ্যালয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবে না।
৪.
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF বাটনে ক্লিক করে EIIN ও Password দিয়ে লগইন (Login) করলে Dashboard থেকে eSIF SIX-তে ক্লিক করলে Payable Fees of VI 2026 Registration-এ Applicant name, Mobile no. এবং Number of Students দিয়ে Print Sonali Seba-এ ক্লিক করে সোনালি সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে (বি.দ্র: ফরমটি কোনোভাবেই ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না)। ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে পেমেন্ট ক্লিয়ার করলে নির্ধারিত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। পেমেন্ট ক্লিয়ারের পরে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সোনালি সেবার স্লিপ বের করা যাবে এবং বাদপড়া শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে।
৫.
শিক্ষা মন্ত্রণালয় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত (২০+২০+২০)=৬০ টাকা যুব রেড ক্রিসেন্ট ফি নির্ধারণ করেছে। উক্ত ৬০ টাকা হতে ৬০ শতাংশ অর্থাৎ, ৩৬ টাকা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে (আলাদা রেড ক্রিসেন্ট হিসাব অ্যাকাউন্টে) যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম পরিচালনার জন্য রেখে অবশিষ্ট ৪০ শতাংশ অর্থাৎ, ২৪ টাকা শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
৬.
জনপ্রতি রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি: রেজি ফি ৫০ টাকা, গার্ল গাইডস ফি ১৫ টাকা, স্কাউট ফি ২৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ৮ টাকা, বিলম্ব ফি ৫০ টাকা, মোট ফির পরিমাণ: বিলম্ব ফি ব্যতীত ৯৮ টাকা, বিলম্ব ফিসহ ১৪৮ টাকা।
৭.
শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন শেষ করার পর তাদের তথ্যের পাশে নিজ নিজ স্বাক্ষর করা চূড়ান্ত তালিকার প্রিন্টআউট (হার্ড কপি) শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে।
৮.
নতুন পাঠদানের অনুমতি পাওয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (যেসব প্রতিষ্ঠান ইতিপূর্বে নিজ প্রতিষ্ঠানের নামে eSIF করেনি) ব্যানবেইস হতে EIIN সনদ সংগ্রহ করার পর সোনালী ব্যাংকের সোনালি সেবার মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা জমা দিয়ে বিদ্যালয় শাখার মাধ্যমে Login Password সংগ্রহ করবে।
৯.
ক. শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী হলে তাঁদের মূল সনদ অনুযায়ী অথবা প্রাথমিক সমাপনী পরীক্ষা পাসের সনদ অনুযায়ী ‘পিতা ও মাতা’–এর নাম এন্ট্রি করতে হবে।
খ. শিক্ষার্থীর পিতা ও মাতা এসএসসি সনদধারী না হলে ‘জন্মনিবন্ধন সনদ’ বা ‘জাতীয় পরিচয়পত্র’ (NID) অনুযায়ী পিতা ও মাতার নাম এন্ট্রি করতে হবে।
গ. শিক্ষার্থীর নামের আগে জনাব/Sree/জনাবা/Sreemoti/Mr/Miss/Mrs/Advocate/Hazi/Al-Haj/ Engr/Late/Major/Cornel/Brigadier/Dr/Prof. ইত্যাদি ধরনের পদবি এবং নামের শেষে MA/MCom/MSc/MSS/BA/BCom/ BSc/BSS/FRCS/PHD/FCPS/Master ইত্যাদি ধরনের ‘শিক্ষাগত যোগ্যতাসূচক শব্দ’ ব্যবহার করা যাবে না।
ঘ. সব শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি হাল সন (বর্তমান সাল) নাগাদ থাকতে হবে।
১০. বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ‘সব তথ্য নিশ্চিত’ হয়ে ডাটা এন্ট্রি করবে। উল্লিখিত তারিখের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে বা এ কারণে শিক্ষার্থীর কোনো সমস্যা হলে এর দায়দায়িত্ব প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
১১. স্বীকৃতিবিহীন বা হালনাগাদ স্বীকৃতি নবায়ন নেই, এ ধরনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইনে রেজিস্ট্রেশন করলে পরবর্তী সময়ে রেজিস্ট্রেশন–সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে ‘বিশেষ চাহিদাসম্পন্ন কি না’, তা উল্লেখ করতে হবে এবং প্রমাণ হিসেবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পাওয়া সনদ সংযুক্ত করতে হবে।
১৩. প্রত্যেক শিক্ষার্থীর ‘জন্মনিবন্ধন নম্বর’ নিশ্চিত হয়ে এন্ট্রি করতে হবে।
১৪. যেসব স্কুল ও কলেজের নিম্নমাধ্যমিক পর্যায়ে হালনাগাদ পাঠদান বা একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়নের মেয়াদ নেই, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে অতি দ্রুত পাঠদান বা একাডেমিক স্বীকৃতি বা স্বীকৃতি নবায়নের মেয়াদ বৃদ্ধির আবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd