পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে গতকাল সোমবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তিন দিনের পরীক্ষার সময়সূচি পিছিয়েছে।
এ–সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা মোতাবেক ৯, ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিতব্য স্নাতকোত্তর পর্যায়ের এপ্রিল ২০২৫ সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্থগিত করা হলো। এ পরীক্ষাগুলো যথাক্রমে ২৮, ২৯ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময় জানানো হবে। এ ছাড়া ৯ থেকে ১৬ মার্চ সময়ে অফিস কার্যক্রম যথারীতি চলবে। এ সময়ে পোস্টগ্র্যাজুয়েট থিসিসের ডিফেন্স নেওয়া যাবে।
গত রোববার দেশের সব বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ার তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এ জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা–কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি–সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।