নতুন শিক্ষাক্রমে গাইড বই উপকারে আসবে না: মাউশির মহাপরিচালক

মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ
ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, নতুন শিক্ষাক্রম নিয়ে একশ্রেণির ব্যবসায়ী গাইড বই বের করে ব্যবসা করার চেষ্টা করছেন। কিন্তু এসব গাইড বই কোনো উপকারে আসবে না। তাই বাজারের এসব গাইড বইয়ের পেছনে না ছুটতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নতুন শিক্ষাক্রম নিয়ে আজ সোমবার অনলাইনে এক সভায় তিনি এই আহ্বান জানান। মাউশির ঢাকার আঞ্চলিক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় মাউশির মাধ্যমিক শাখার পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন শিক্ষাক্রমে পড়াশোনার যে পদ্ধতি, তাতে নোট, গাইড বা এ ধরনের সহায়ক বইয়ের প্রয়োজন পড়বে না। কোচিং না করলেও চলবে, এমন একটি ধারণা দিয়ে আসছেন শিক্ষার নীতিনির্ধারকেরা। কিন্তু বাস্তবতা হলো, নতুন এই শিক্ষাক্রম ঠিকমতো শুরু হতে না হতেই বাজার ভরে গেছে নতুন শিক্ষাক্রমের আলোকে তৈরি ‘সহায়ক বই’ নামের গাইড বই দিয়ে। ‘একের ভেতর সব’ নাম দিয়ে তৈরি এসব গাইড এখন বিক্রিও হচ্ছে বেশ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা জানিয়েছেন, উদ্বুদ্ধ করতে কোনো কোনো প্রকাশনীর পক্ষ থেকে এসব গাইড বই তাঁদের প্রতিষ্ঠানেও দিয়ে যাচ্ছে।

গত বুধবার নীলক্ষেতে একাধিক বইয়ের দোকান এবং বেইলি রোডে অবস্থিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাসসংলগ্ন থিয়েটার কর্নার নামে বইয়ের দোকানে সরেজমিনে দেখা গেছে, নতুন শিক্ষাক্রমের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত এসব ‘সহায়ক বই’ পাওয়া যাচ্ছে।

সরেজমিনে পাঞ্জেরী ও নিউটন পাবলিকেশনের এসব ‘সহায়ক বই’ দেখা গেছে। এর মধ্যে নিউটন পাবলিকেশনের বইয়ের পরিবেশক লেকচার পাবলিকেশন।

এসব নিয়ে প্রথম আলোসহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এমন পরিস্থিতিতে মাউশির মহাপরিচালক এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সতর্ক করলেন। তিনি বলেন, গাইডের পেছনে ছুটে কোনো লাভ নেই।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতেই হবে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করতে এবং যুক্তনির্ভর করে গড়ে তুলতে এই শিক্ষাক্রম বাস্তবায়ন করতেই হবে। পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।

দু-একজন শিক্ষক বা কোনো কর্মকর্তা এই শিক্ষাক্রম নিয়ে নেতিবাচক কথা বলছেন উল্লেখ করে মাউশির মহাপরিচালক বলেন, এই শিক্ষাক্রম বাস্তবায়ন হবে না বলে যাঁরা নেতিবাচক কথা বলছেন, তাঁরা উদ্দেশ্যমূলকভাবে তা করছেন। তিনি বলেন, ‘শিক্ষাক্রমের সঙ্গে রাজনীতি মেলাবেন না।’

নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবেও (শিখনকালীন) মূল্যায়ন হবে, আবার বছরের ছয় মাস পর এবং বছরের শেষে পরীক্ষাও হবে বলে উল্লেখ করেন নেহাল আহমেদ।

গত ১ জানুয়ারি থেকে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের বাস্তবায়ন শুরু হয়েছে। আগামী বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হবে। একইভাবে ২০২৫ সালে চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে তা বাস্তবায়িত হবে। এরপর উচ্চমাধ্যমিকের একাদশ শ্রেণিতে ২০২৬ সালে এবং দ্বাদশ শ্রেণিতে ২০২৭ সালে নতুন শিক্ষাক্রম চালু হবে। নতুন শিক্ষাক্রমে পাঠ্যবই বদলে যাচ্ছে। মূল্যায়নেও আসছে বড় পরিবর্তন। নতুন শিক্ষাক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে (শিখনকালীন) বড় অংশের মূল্যায়ন হবে। কিছু অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে বা পরীক্ষার মাধ্যমে।