মাধ্যমিকও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
মাধ্যমিকও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

এসএসসি পরীক্ষা ২০২৬: তিন শর জায়গায় ৭০০ খাতা নেওয়া শিক্ষককে শোকজ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে অনৈতিকভাবে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি খাতা গ্রহণ করায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আজ সোমবার (১ জুন ২০২৬) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই শিক্ষক হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আ. রশিদ মিয়া। তিনি এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড-১০২)-এর পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর পরীক্ষক কোড-২৪৬০।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন পরীক্ষকের জন্য নির্ধারিত ৩০০টি উত্তরপত্রের পরিবর্তে তিনি অনৈতিকভাবে এবং তথ্য গোপন করে ৭০০টি উত্তরপত্র গ্রহণ করেছেন। পরে অল্প সময়ের মধ্যে সেগুলো মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে জমা দিয়েছেন। বোর্ডের নিয়ম-নীতিবহির্ভূত কাজের জন্য তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।