জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের খাতা চ্যালেঞ্জের সুযোগ, প্রতি বিষয়ে ফি ১২০০ টাকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন বা চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয়েছে। ৭ সেপ্টেম্বর এ খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হবে। আবেদনের প্রক্রিয়া চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি পত্রের খাতা চ্যালেঞ্জের জন্য ফি দিতে হবে ১ হাজার ২০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফি ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আবেদন ও ফি পরিশোধ যেভাবে

শিক্ষার্থীদের নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখান থেকে পে স্লিপ সংগ্রহ করা যাবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে। এ ছাড়া মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কার্ড (আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), নেক্সাস ও মাস্টারকার্ড) ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করা যাবে।

ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে স্লিপ ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। আবেদন করার পর আবেদনপত্র বা পে স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে তার দায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের আবেদন শেষ ২০ সেপ্টেম্বর।

গত ৩১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ অর্থাৎ ৩৪ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন।