অনুষ্ঠানে অতিথিরা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা, ৯ এপ্রিল ২০২৬
অনুষ্ঠানে অতিথিরা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা, ৯ এপ্রিল ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে ‘কারিগরি কোর্স’ যুক্ত হচ্ছে

শিক্ষাক্রম সময়োপযোগী করার পাশাপাশি ‘কারিগরি কোর্স’ যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। স্নাতক শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বর্ষে অ্যাডভান্সড আইসিটি কোর্স এবং তৃতীয় ও চতুর্থ বর্ষে কর্মমুখী দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রস্তাবিত এই শিক্ষাক্রম নিয়ে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। পরে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, দেশের অধিকাংশ কলেজের উচ্চশিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে। অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৭৩। এসব কলেজে প্রায় ৪০ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ। তাঁদের বেশির ভাগই মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরোনো ও গতানুগতিক শিক্ষাক্রমের কারণে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তাঁদের বেশির ভাগই বেকার থাকেন। এর বড় কারণ দক্ষতার অভাব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও এটুআই প্রকল্প পরিচালক মো. আব্দুর রফিক, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য মো. লুৎফর রহমান।