
এমপিও কমিটির সভা ১৭ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। গত কয়েক মাসে যাঁরা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাঁদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। এ ছাড়া মামলা-মোকদ্দমার কারণে ঝুলে থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হবে। আর এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানা গেছে।
পদাধিকারবলে এ সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের একজন, অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপপরিচালকসহ ৩০ জনেও বেশি কর্মকর্তা অংশ নেবেন।
সভায় এমপিওর আওতাভুক্ত শূন্য পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠানপ্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলেও জানা গেছে।