ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যকেন্দ্রের সেবার মান বৃদ্ধি এবং তথ্যকেন্দ্রকে আরও ‘শিক্ষার্থীবান্ধব’ করে গড়ে তোলার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ তথ্যকেন্দ্র পরিচালিত হচ্ছে।
এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে সেবা দেওয়া কাজের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই দুই শিক্ষার্থী পরীক্ষা নিয়ন্ত্রক অফিসসহ প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিসের সঙ্গে সমন্বয় ও যোগাযোগ করে সেবা গ্রহীতাদের হালনাগাদ তথ্য প্রদান করছেন। সেবার মান বাড়ানোর জন্য তথ্যকেন্দ্রে একটি পরামর্শ বাক্স স্থাপন করা হয়েছে।
ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মার্কশিটসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জরুরি অভিযোগ নিষ্পত্তির জন্য ইতিমধ্যেই প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অফিসের ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি প্রয়োজনে ই-মেইল servicesupport@du.ac.bd অথবা হোয়াটসঅ্যাপ: ০১৭৯৭-৪৯০৫৭৫ (শুধু মেসেজের জন্য) নম্বরে যোগাযোগ করতে পারবেন।