আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে প্রশিক্ষণ নিতে আগ্রহী স্কুল-কলেজের শিক্ষকদের তথ্য আহ্বান করা হয়েছে। ৮ এপ্রিলের মধ্যে নির্ধারিত গুগল ফরমে এ তথ্য দিতে হবে। গতকাল সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এ–সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের কারিগরি সহায়তায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে মাস্টার ট্রেইনার পুল তৈরির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। প্রশিক্ষণ কার্যক্রমে ৪টি ব্যাচে মোট (৪*২৫) = ১০০ জন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ ১৫ এপ্রিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব কলেজ-বিদ্যালয়ের শিক্ষকদের নিচে উল্লেখিত শর্তে ৮ এপ্রিলের মধ্যে লিংকের (https://forms.gle/8kTzAgDeB46d37N19) গুগল ফরমে তথ্য পাঠানোর জন্য বলা হলো।
যাঁদের কমপক্ষে ২১ দিনের আইসিটি–বিষয়ক প্রশিক্ষণ আছে
যাঁদের ডিজিটাল কনটেন্টের ওপর কমপক্ষে ১৫ দিনের প্রশিক্ষণ আছে
যাঁদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর প্রশিক্ষণ আছে
যাঁদের আইসিটি বিষয়ে কমপক্ষে ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আছে।