
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)–এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (২ মে ২০২৬) লালমনিরহাট সদরের হাঁড়িভাঙ্গা ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে লালমনিরহাট–৩ সদর আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথি ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এএইউবির স্বল্প সময়ে অর্জিত উল্লেখযোগ্য সাফল্য ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট তথা বৃহত্তর রংপুর অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে। বাংলাদেশের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ–সুবিধা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞানচর্চার পাশাপাশি মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস–বিষয়ক ম্যাগাজিন ‘স্পেস অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্রকাশনা প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, মূকাভিনয়, অভিনয়, ফান খবর ও নৃত্য শেষে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান দেওয়া হয়।
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (এএইউবি) ২০১৯ সালে ঢাকার পুরাতন বিমানবন্দরে স্বল্প পরিসরে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ২০২২ সালের ৩ জুলাই লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের হাঁড়িভাঙ্গায় লালমনিরহাট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীন চারটি স্নাতক ও পাঁচটি স্নাতকোত্তর কোর্সে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন।