ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইএলওর প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ, নেই কোনো ফি

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হলো এর ক্রমবর্ধমান শিল্প খাত। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এখন কেবল মুনাফা অর্জনই যথেষ্ট নয়। ব্যবসায়িক কার্যক্রমে সামাজিক দায়বদ্ধতা এবং মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা অপরিহার্য হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটকে সামনে রেখে দেশের তরুণ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতাদের আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষ করে তুলতে কাজ করেছে রেসপনসিবল বিজনেজ কনডাক্ট স্কুল (আরবিসি স্কুল)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ প্রোগ্রামে বর্তমানে দেশের করপোরেট ও ব্যবসার নানা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

কেন এই প্রশিক্ষণ

বর্তমানে বিশ্বজুড়ে বড় বড় ব্র্যান্ড এবং বিনিয়োগকারীরা রেসপনসিবল বিজনেস কনডাক্ট বা দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপ ও আমেরিকার বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন হিউম্যান রাইটস ডিউ ডিলিজেন্স বা মানবাধিকারবিষয়ক যথাযথ সতর্কতা পালন বাধ্যতামূলক করা হচ্ছে। বাংলাদেশের পোশাকশিল্পসহ অন্যান্য রপ্তানিমুখী খাতের জন্য এই জ্ঞান এখন আর ঐচ্ছিক নয়। আরবিসি স্কুল মূলত এই জটিল বিষয়গুলোকে সহজভাবে এবং হাতে-কলমে শেখানোর একটি প্ল্যাটফর্ম।

সম্পূর্ণ অর্থায়িত আবাসিক প্রশিক্ষণ

এই প্রোগ্রামের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি একটি সম্পূর্ণ অর্থায়িত সুযোগ। অংশগ্রহণকারীদের কোনো কোর্স ফি প্রদান করতে হবে না। পাঁচ দিনের একটি আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য থাকা ও খাওয়ার যাবতীয় খরচ আয়োজক কর্তৃপক্ষ বহন করবে। প্রশিক্ষণ চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক এবং আইএলওর আন্তর্জাতিক মানের ট্রেইনারদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ মিলবে।

ক্যারিয়ারে বিশেষ গুরুত্ব

এই কোর্স সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি এবং আইএলও বাংলাদেশের যৌথ সার্টিফিকেট পাবেন। বর্তমান সময়ে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এনজিওতে স্পেশালিস্ট বা কমপ্লায়েন্স অফিসার হিসেবে ক্যারিয়ার গড়তে এই সার্টিফিকেট বিশেষ ভূমিকা রাখবে। এ ছাড়া শীর্ষ পারফরমারদের জন্য থাকছে নেটওয়ার্কিং এবং সম্ভাব্য প্লেসমেন্টের বিশেষ সুযোগ।

তিনটি ভিন্ন অঞ্চলে প্রশিক্ষণের সুযোগ

অংশগ্রহণকারী ব্যক্তিদের সুবিধার্থে দেশের তিনটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও বিভাগীয় শহরে এই প্রশিক্ষণের কোহর্ট বা দলগুলো ভাগ করা হয়েছে—

খুলনা: ২০ থেকে ২৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ: ৪ থেকে ৮ মে ২০২৬

চট্টগ্রাম: ১৮ থেকে ২২ মে ২০২৬

আবেদনের ঠিকানা: rbcschool.org/apply

ই–মেইল: info@rbcschool.org