বাংলাদেশি শিক্ষার্থীদের ফিজিকসে আন্তর্জাতিক গবেষণার সুযোগ, জেনে নিন সব তথ্য

বাংলাদেশি অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান ও গণিতের জটিল সমীকরণ নিয়ে কাজ করার। কিন্তু গবেষণার সঠিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক মেন্টরশিপের অভাবে অনেকেরই সেই স্বপ্ন প্রাথমিক পর্যায়েই থমকে যায়। এই সীমাবদ্ধতা দূর করে দেশের তরুণ মেধার সঙ্গে বৈশ্বিক গবেষণার সেতুবন্ধ তৈরি করতে দ্বিতীয়বারের মতো এ বছর শুরু হয়েছে আইসিটিপি পিডব্লিউএফ: ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি) এবং ফিজিকস উইদাউট ফ্রন্টিয়ারের (পিডব্লিউএফ) যৌথ উদ্যোগে এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সরাসরি গবেষণার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে। উচ্চশিক্ষার এ পথের জন্য আবেদেন ৮ জুন ২০২৬ থেকে শুরু হয়েছে।

ইন্টার্নশিপের তথ্য—

সম্পূর্ণ অনলাইন–ভিত্তিক এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি আগামী ২০ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা তিন মাস চলবে। এ সময়ে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্তরের গবেষক ও মেন্টরদের তত্ত্বাবধানে নির্দিষ্ট কিছু শর্ট রিসার্চ প্রজেক্ট বা সংক্ষিপ্ত গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। এই প্রজেক্টগুলোর মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের থিওরির মধ্যে সীমাবদ্ধ না রেখে সক্রিয় গবেষণার ধারাগুলোর সঙ্গে পরিচিত করা।

আবেদনের সুযোগ—

এই বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে বর্তমানে ব্যাচেলর (স্নাতক) অথবা মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে। এবারের ইন্টার্নশিপে মূলত চারটি প্রধান ট্র্যাকে গবেষণার সুযোগ থাকছে—হাই এনার্জি ফিজিকস, গ্র্যাভিটি অ্যান্ড ম্যাথমেটিক্যাল ফিজিকস; অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিকস অ্যান্ড কসমোলজি; কোয়ান্টাম ইনফরমেশন, কনডেন্সড ম্যাটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক এবং অ্যাপ্লায়েড অ্যান্ড কম্পিউটেশনাল ফিজিকস। এর মধ্যে হাই এনার্জি ফিজিকস ট্র্যাকে কোয়ান্টাম ফিল্ড থিওরি, স্ট্রিং থিওরি, কনফরমাল ফিল্ড থিওরি ও অ্যালজেব্রিক কম্বিনেটোরিকসের মতো অত্যন্ত উন্নত ও তাত্ত্বিক বিষয়ে গবেষণার সুযোগ রয়েছে।

আবেদনের তথ্য—

আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনের একটি নির্দিষ্ট গুগল ফরমের মাধ্যমে। আবেদন করার আগে শিক্ষার্থীদের মেন্টরদের তালিকা খুব ভালোভাবে পর্যালোচনা করে নিজেদের আগ্রহ ও একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজেক্টগুলো বাছাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

আয়োজক আহমেদ রাকিন কামাল বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে বিশ্বমানের গবেষকদের সঙ্গে কাজ করার এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। আন্তর্জাতিক মানের পদার্থবিজ্ঞান ও গণিতের গবেষণায় যুক্ত হওয়ার এই অনন্য সুযোগ বাংলাদেশের তরুণ বিজ্ঞানপ্রেমীদের জন্য একটি প্ল্যাটফর্ম।

আবেদনের বিস্তারিত নিয়মাবলি ও মেন্টরদের তালিকা জানতে আগ্রহী শিক্ষার্থীরা অফিশিয়াল লিংকে ভিজিট করতে পারেন।