অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস স্কলারশিপ (Human Rights Scholarship)–২০২৬–এর জন্য আবেদন আহ্বান করেছে। দেশি ও বিদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই স্কলারশিপ। মানবাধিকারভিত্তিক গবেষণায় আগ্রহী স্নাতকোত্তর শিক্ষার্থীরা এ স্কলারশিপের মাধ্যমে সহায়তা পাবেন। মাস্টার্সের রিসার্চ ও পিএইচডি প্রোগ্রামের জন্য আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
হিউম্যান রাইটস স্কলারশিপে শুধু একাডেমিক গবেষণা নয়, বাস্তব জীবনে মানবাধিকার অগ্রগতিতে অবদান রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ বৃত্তির অন্যতম মূল লক্ষ্য হলো মানবাধিকার বিষয়ে গবেষণা ও জ্ঞানচর্চা বাড়ানো। আইন, নীতি, সামাজিক ন্যায়বিচার, আদিবাসীদের অধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো, উন্নয়ন, মানবিক অধ্যয়নসহ নানা বিষয়ে গবেষণাকে উৎসাহিত করা হয় এ বৃত্তির মাধ্যমে।
আবেদনকারী প্রার্থীদের একটি বিস্তারিত বিবৃতি জমা দিতে হবে এ বৃত্তির জন্য। আবেদনে প্রার্থীরা তাঁদের মানবাধিকারবিষয়ক কাজ, স্বেচ্ছাসেবামূলক অভিজ্ঞতা ও গবেষণার সামাজিক প্রভাব তুলে ধরবেন। আবেদনকারীদের অবশ্যই মানবাধিকারভিত্তিক বিভিন্ন গবেষণায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট প্রোগ্রামে ভর্তি হতে হবে। একই স্তরের কোনো গবেষণা ডিগ্রি আগে থাকলে আবেদন করা যাবে না।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন শহরে অবস্থিত। এটি দেশটির অন্যতম প্রাচীন ও খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্ববিদ্যালয়টি নিয়মিতভাবেই বৈশ্বিক র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকে।
* পুরো টিউশন ফি মওকুফ।
* বছরে প্রায় ৪৪ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার ভাতা।
* মাস্টার্সে সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডিতে ৩ দশমিক ৫ থেকে ৪ বছর পর্যন্ত সহায়তা।
* স্থানান্তর ভাতা: অস্ট্রেলিয়ার ভেতরে দুই হাজার ডলার, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তিন হাজার ডলার।
* আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা (OSHC)।
* অসুস্থতা, মাতৃত্ব ও অভিভাবকত্বজনিত ছুটির সুযোগ।
* মোট অর্থমূল্য পড়াশোনার স্তর ও মেয়াদ অনুযায়ী প্রায় ৮৯ হাজার থেকে ১ লাখ ৫৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত হতে পারে।
১. আবেদন শুরু হয়েছে ১ এপ্রিল ২০২৬।
২. আবেদন শেষ হবে ৩১ অক্টোবর ২০২৬।
৩. বৃত্তির ফলাফল জানানো হবে ফেব্রুয়ারি ২০২৭-এ।